১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সুনামগঞ্জে শিশু সাংবাদিকতার ফলো-আপ কর্মশালা

জানুয়ারিতে কর্মশালায় অংশ নেওয়া ২০ জন শিশুর মধ্য থেকে ১০ জনকে একদিনের এই ফলো-আপ কর্মশালার জন্য বাছাই করা হয়।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2026, 06:01 PM

Updated : 26 Aug 2026, 03:34 PM

সুনামগঞ্জে শিশু সাংবাদিকতার দিনব্যাপী ফলো-আপ কর্মশালা হয়েছে। 

জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফের অংশীদারিত্বে ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর সহযোগিতায় শুক্রবার এ কর্মশালার আয়োজন করে শিশু সাংবাদিকতায় বিশ্বের প্রথম বাংলা ওয়েবসাইট হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

শুক্রবার সকালে সুনামগঞ্জ শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরিতে এ কর্মশালার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সমর কুমার পাল।

তিনি বলেন, “প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে দক্ষতা অর্জন করতে হবে; সে দক্ষতা অর্জন করে ইতিবাচক কাজে প্রয়োগ করতে হবে। আমি আশা করছি, এই কর্মশালা থেকে ক্ষুদে সাংবাদিকরা ভালো কিছু নিয়ে যাবে।”

তিনি আরও বলেন, “আমাকে যখন শিশু সাংবাদিকতার কর্মশালায় আসার জন্য বলা হয়েছিল, তখন আমার মনে হয়েছে আমাকে কর্মশালায় যেতে হবে। এবং দেখতে হবে শিশুদের কী কী শিখানো হয়। শিশুরা কিভাবে সংবাদ তৈরি করবে, সে আগ্রহ থেকেই আমি এসেছি। কর্মশালায় উপস্থিত সবার জন্য শুভকামনা।"

কর্মশালায় অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে তিনি বলেন, “সুনামগঞ্জে সব সময় ইতিবাচক সাংবাদিকতা হয়, তোমরাও ইতিবাচক দিকগুলো তুলে ধরবে। একই সঙ্গে তোমাদের মনযোগ দিয়ে পড়ালেখা করতে হবে।"

কর্মশালায় উদ্বোধনী অনুষ্ঠানের সঞ্চালনা করেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সিলেট প্রতিনিধি বাপ্পা মৈত্র। কর্মশালায় প্রশিক্ষণ দেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আন্তর্জাতিক ডেস্কের তনুশ্রী বিশ্বাস।

জানুয়ারিতে হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের দুই দিনের কর্মশালায় অংশ নেওয়া ২০ জন শিশুর মধ্য থেকে ১০ জনকে একদিনের এই ফলো-আপ কর্মশালার জন্য বাছাই করা হয়।