১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

খাগড়াছড়িতে সেনা অভিযানে অস্ত্র ও ২৭৬ গুলি উদ্ধার

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে গোলাগুলির খবর পেয়ে অভিযান চালায় সেনাবাহিনী।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2026, 10:37 PM

Updated : 26 Aug 2026, 03:39 PM

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনার পর অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের দাবি করেছে সেনাবাহিনী।

বৃহস্পতিবার উপজেলায় লোগাং ইউনিয়নের বাবুরাপাড়া ও করল্যাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় অভিযানে একটি চায়না রাইফেল, ২৭৪টি গুলি, দুটি এফসিসি এবং অন্যান্য সামগ্রী উদ্ধার করার কথা জানিয়েছেন খাগড়াছড়ির জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো খাদেমুল ইসলাম। 

সেনাবাহিনীর দাবি, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউপিডিএফ (মূল) ও জেএসএস (মূল) এর সশস্ত্র সদস্যদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। খবর পেয়ে খাগড়াছড়ি জোনের একটি সেনা টহল দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে অভিযান চালায়।

এ সময় টহল দলকে লক্ষ্য করে গুলি ছুড়লে সেনা সদস্যরাও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। পরে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এ ঘটনায় কোনও সেনাসদস্য হতাহত হননি এবং বর্তমানে এলাকার সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি সেনাবাহিনীর।

লেফটেন্যান্ট কর্নেল খাদেমুল ইসলাম বলেন, “খাগড়াছড়ি জোনের দায়িত্বপূর্ণ এলাকায় কোনও ধরনের চাঁদাবাজ ও সন্ত্রাসীদের স্থান দেওয়া হবে না। জনসাধারণের নিরাপদ জীবনযাপন নিশ্চিত করতে এ ধরনের অভিযানিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

পার্বত্য চট্টগ্রামে সব জাতিগোষ্ঠীর জানমালের নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনী সবসময় কাজ করে যাচ্ছে এবং সশস্ত্র সন্ত্রাসী কার্যক্রম দমনে কঠোর অবস্থানে রয়েছে বলে জানান তিনি।