সিলেটে সাদাপাথর বোঝাই ট্রাক্টর উল্টে শ্রমিকের মৃত্যু
কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় সাদাপাথর বোঝাই ট্রাক্টর উল্টে এক তরুণের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন চালক।
রোববার ভোরে কলাবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন কোম্পানীগঞ্জ থানার ওসি সফিকুল ইসলাম।
নিহত তরুণ সুহান মিয়া (২৩) কোম্পানীগঞ্জ উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের কলাবাড়ি গ্রামের আব্দুল হকের ছেলে।
তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।
স্থানীয়দের বরাতে ওসি সফিকুল বলেন, “কোম্পানীগঞ্জ উপজেলার দয়ারবাজারের উত্তর পাশের ধলাই নদীর পাড় থেকে সাদাপাথর বোঝাই করে আনার পথে কলাবাড়ি মাদ্রাসার পেছনের প্রধান সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক্টর উল্টে যায়।
“এতে ট্রাক্টরের শ্রমিক সুহান মিয়া নিচে চাপা পড়েন এবং চালক আলীম উদ্দিন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে কর্তব্যরত চিকিৎসক সুহানকে মৃত ঘোষণা করেন।
আহত আলীম উদ্দিনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
তিনি বলেন, এ ঘটনায় বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়া চলছে।
