১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নীলফামারীতে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

প্রতিদিনের মতো বাড়ি থেকে মোটরসাইকেলে কর্মস্থল উত্তরা ইপিজেডে যাচ্ছিলেন হেলাল।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2025, 02:21 PM

Updated : 26 Aug 2026, 05:15 PM

নীলফামারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

শনিবার সকাল ৭টার দিকে নীলফামারী-সৈয়দপুর মহাসড়কের কাছারীবাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন নীলফামারী সদর থানার পরিদর্শক (ওসি) এম.আর সাঈদ।

নিহত হেলাল হোসেন (৩৫) উত্তরা ইপিজেডের মেইগো বাংলাদেশ কারখানার শ্রমিক এবং জেলা সদরের চড়াইখোলা ইউনিয়নের উত্তর আরাজি চড়াইখোলা গ্রামের নাইজুল ইসলামের ছেলে।

স্থানীয়দের বরাতে ওসি এম. আর সাঈদ বলেন, “প্রতিদিনের মতো বাড়ি থেকে মোটরসাইকেলে কর্মস্থল উত্তরা ইপিজেডে যাচ্ছিলেন হেলাল। পথে কাছারিবাজার এলাকায় পৌঁছালে একটি দ্রুতগতির ট্রাক তার মোটরসাইকেলে ধাক্কা দেয়।

“এতে মোটরসাইকেলসহ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান হেলাল হোসেন ।”

ওসি আরও বলেন, ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

দুর্ঘটনাকবলিত ট্রাকটি আটক করে থানায় নেওয়া হলেও চালক ও তার হেলপার পলাতক রয়েছে বলেও জানান ‍ওসি।