Published : 02 May 2026, 08:31 PM
ভালো কাজের প্রলোভনে ভারতে পাচার হওয়া দুই বাংলাদেশি নারী কারাভোগ শেষে দেশে ফিরেছেন।
শনিবার বিকালে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে তাদের বাংলাদেশে হস্তান্তর করা হয় বলে জানান বেনাপোল ইমিগ্রেশন পরিদর্শক (তদন্ত) সৈয়দ মোর্তজা আলী।
ফেরত আসা নারীদের বয়স ৩১ ও ৩৫। তাদের একজনের বাড়ি সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এবং অন্যজন ঢাকার পারগেন্ডারিয়া এলাকার বাসিন্দা।
পরিদর্শক সৈয়দ মোর্তজা আলী বলেন, ভালো কাজের প্রলোভনে দালালের মাধ্যমে তারা ২০২৪ সালে অবৈধভাবে সীমান্ত পার হয়ে ভারতে যান।
তিনি বলেন, ভারতের মুম্বাইয়ের গ্র্যান্ট রোড এলাকায় কাজের সন্ধানে ঘোরাফেরার সময় ভারতীয় পুলিশ অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তাদের আটক করে আদালতে পাঠায়। পরে আদালতের নির্দেশে তাদের মুম্বাইয়ের নওজীবন মহিলা হোমে (সংশোধনাগার) রাখা হয়।
পরবর্তীতে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়ে প্রক্রিয়া সম্পন্ন করে তাদের বাংলাদেশে ফেরত আনা হয়।
ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান ওই কর্মকর্তা।