Published : 25 Sep 2025, 07:16 PM
রংপুর নগরের একটি মাধ্যমিক বিদ্যালয়ের অর্ধবার্ষিক পরীক্ষায় ফেল করায় শ্রেণিকক্ষে ঢুকে শিক্ষার্থীকে পেটানোর অভিযোগ ওঠার পর বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ-বাগছাসের সেই নেতার পদ স্থগিত করা হয়েছে।
শৃঙ্খলা ভঙ্গ, সংগঠনের আদর্শ ও স্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বাগছাসের রংপুর মহানগর শাখার আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ ইমতির বিরুদ্ধে এ সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় কমিটি।
বুধবার দুপুরে বাগছাসের যুগ্ম সদস্যসচিব (দপ্তর) মাহফুজুর রহমানের পাঠানো এক নোটিসে এ তথ্য জানানো হয়।
সেইসঙ্গে অভিযোগের বিষয়টি তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন- বাগছাসের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আবু তৌহিদ মো. সিয়াম, জ্যেষ্ঠ সংগঠক নাঈম আবেদীন এবং সদস্য মোহাম্মদ আরশাদ হোসাইন।
আগামী ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত কমিটিকে পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত প্রতিবেদন কেন্দ্রীয় সংসদের আহ্বায়ক আবু বাকের মজুমদার এবং সদস্যসচিব জাহিদ আহসানের কাছে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
সম্প্রতি রংপুর নগরের হারাটি উচ্চবিদ্যালয়ের অর্ধবার্ষিক পরীক্ষায় ‘ফেল করায়’ শ্রেণিকক্ষে ঢুকে অর্ধশতাধিক শিক্ষার্থীকে পেটানোর অভিযোগ ওঠে গণতান্ত্রিক ছাত্র সংসদের রংপুর মহানগর শাখার আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ ইমতির বিরুদ্ধে; যিনি প্রতিষ্ঠানটির অ্যাডহক কমিটির সভাপতি।
এ ঘটনায় এক শিক্ষার্থীর অভিভাবক ইমতির বিরুদ্ধে অনলাইনে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বলে জানান পরশুরাম থানার ওসি মাইদুল ইসলাম।
ইমতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগর কমিটির আহ্বায়ক ছিলেন। কমিটি বিলুপ্ত হবার পর ১৮ জুলাই গণতান্ত্রিক ছাত্র আন্দোলন রংপুর মহানগরের আহ্বায়ক হন তিনি। ইমতি ঢাকার বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ের স্নাতকের শিক্ষার্থী।
অভিযোগের বিষয়ে ইমতি সাংবাদিকদের বলেন, “আমি ছয় মাস ধরে স্কুলে পরিশ্রম করছি, বাচ্চারা যেন ভালো ফল করে। তাই একটু রাগারাগি করেছি, শাসন করেছি। তবে ৯৫ শতাংশ শিক্ষার্থীর কোনো অভিযোগ নেই।
“আমি এলাকার বড় ভাই। বিষয়টি অতিরঞ্জিত করা হয়েছে। তবে ঘটনাটি মীমাংসা হয়েছে”, বলেন তিনি।
গণতান্ত্রিক ছাত্র আন্দোলনের কমিটি থেকে সদস্য পদ স্থগিত বিষয়ে জানতে চাওয়া হলে ইমতি কিছু জানেন না বলে জানিয়েছেন।
মারধরের ঘটনাটি সংবাদমাধ্যমে অস্বীকার করলেও মঙ্গলবার রাত ১০টার দিকে ফেইসবুকে এ বিষয়ে পোস্ট দিয়েছেন ইমতি। সেখানে তিনি লেখেন, “এই বিষয়টিকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, দোষ কারো নয়। না শিক্ষার্থীর, না অভিভাবকের, না শিক্ষকদের। ভুল যদি থেকে থাকে, সেটা আমার একান্ত ব্যক্তিগত।”
রংপুরে ক্লাসে ঢুকে 'অকৃতকার্য' অর্ধশত শিক্ষার্থীকে পেটালেন বাগছাস