অটোরিকশা নিয়ে বেরিয়ে নিখোঁজ চালক, মিলল গলা কাট লাশ
“সোমবার সন্ধ্যায় অটোরিকশা নিয়ে বাসা থেকে বের হয়ে আর ফেরেননি শুভ।”
গাজীপুর নগরে এক অটোরিকশা চালককে গলা কেটে হত্যা করা হয়েছে।
গাছা থানাধীন ওজারপাড়া এলাকায় সোমবার রাতে এ ঘটনা ঘটে বলে গাজীপুর মেট্রোপলিটনের গাছা থানার এসআই মো. মামুনুর রশিদ জানিয়েছেন।
নিহত ১৬ বছর বয়সী অটোরিকশা চালক মো. শুভ নেত্রকোণার মদন থানার গোবিন্দশ্রী এলাকার মো. আমির মিয়ার ছেলে।
গাজীপুর নগরের শরিফপুর এলাকায় বাসা ভাড়া থেকে অটোরিকশা চালাতেন শুভ।
এসআই মামুনুর রশিদ বলেন, “সোমবার সন্ধ্যায় অটোরিকশা নিয়ে বাসা থেকে বের হয়ে আর ফেরেননি শুভ।
“পরে ওজারপাড়া এলাকায় তার গলা কাটা লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী থানায় খবর দিলে পুলিশ গিয়ে তা উদ্ধার করে।”
রাতের কোন এক সময় শুভকে গলা কেটে হত্যা করে অটোরিকশা নিয়ে গেছে বলে ধারণা এসআই মামুনুরের।
তিনি বলেন, ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
