১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্ব, নোয়াখালীতে ছুরিকাঘাতে তরুণকে হত্যা

“বাজি ধরে ক্রিকেট খেলা নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে,” বলেন ওসি।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2026, 12:01 PM

Updated : 26 Aug 2026, 02:49 PM

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ক্রিকেট খেলা নিয়ে বিরোধের জেরে এক তরুণকে ছুরিকাঘাতে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। 

শুক্রবার রাত ৮টার দিকে জিরতলী ইউনিয়নের রুগুরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মো. আরিফ হোসেন (২০) কুতুবপুর গ্রামের সিরাজ মিয়ার ছেলে।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, আরিফ ঢাকায় তার মামার সঙ্গে একটি কারখানায় কাজ করতেন। সপ্তাহ খানেক আগে তিনি বাড়িতে আসেন। বৃহস্পতিবার বিকালে বাড়ির পেছনে এলাকার কয়েক যুবক ক্রিকেট খেলছিল। সেখানে দুই দলের মধ্যে কথা কাটাকাটি হয়। 

নিহতের বড় ভাই আকিল বলেন, “বিরোধের সময় আমার ভাই বাধা দিলে কয়েকজন তাকে মারধর করে। শুক্রবার সন্ধ্যায় তারা আবার হামলা চালিয়ে আরিফ ছাড়াও আমার চাচাতো ভাই উমায়ের (২১) ও ওমরকে (২২) ছুরিকাঘাত করে।”

বেগমগঞ্জ থানার ওসি মো. শামসুজ্জামান বলেন, “বাজি ধরে ক্রিকেট খেলা নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”