গাজীপুরে ডেঙ্গু আক্রান্ত ডুয়েট শিক্ষার্থীর মৃত্যু
সোমবার রাত ১০টার দিকে আলামিনের শারীরিক অবস্থার অবনতি হতে থাকে বলে তার সহপাঠীরা জানান।
গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) শিক্ষার্থী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন।
সোমবার দিবাগত রাত সোয়া ২টার দিকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয় বলে হাসপাতালের আবাসিক চিকিৎসক কামরুল ইসলাম জানান।
মৃত আলামিন ডুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলায়।
শিক্ষার্থীরা এসে তার মরদেহ নিয়ে গেছে বলে চিকিৎসক কামরুল ইসলাম জানান।
আলামিনের সহপাঠীরা বলেন, কয়েকদিন ধরেই ডুয়েটের বেশ কয়েকজন শিক্ষার্থী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি থাকার পর সোমবার রাত ১০টার দিকে আলামিনের শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। এরপর রাত সোয়া ২টার দিকে সে মারা যায়।
এদিকে শিক্ষার্থীদের অসুস্থতার খবর জানতে পেয়ে ডুয়েটের নবনিযুক্ত উপাচার্য ড. জয়নাল আবেদীন তাদের হাসপাতালে দেখতে যান এবং চিকিৎসার খোঁজ খবর নেন। উন্নত চিকিৎসা নিশ্চিতকরণের লক্ষ্যে তিনি হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন।
আলামিনের মরদেহ বিশ্ববিদ্যালয় প্রশাসন ও তার সহপাঠীদের সহযোগিতায় টাঙ্গাইলে পাঠানোর ব্যবস্থা করা হয়। জেলা সদরে নিজ বাড়িতে বাদ জোহন তার জানাজা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
চিকিৎসক কামরুল ইসলাম জানান, শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে ৩৯ জন ডেঙ্গু রোগী ভর্তি আছে। গত ২৪ ঘণ্টায় এ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত নয়জন ভর্তি হয়েছেন। মারা গেছে একজন। আর রিলিজ দেওয়া হয়েছে দশ জনকে।
