Published : 01 Sep 2026, 10:12 PM
সৈয়দপুর রেলওয়ে কারখানায় রাখা ১৯২৭ সালে তৈরি ঐতিহাসিক ও বিলাসবহুল ‘প্রেসিডেন্ট সেলুন’ কোচে উঠে এর বিভিন্ন অংশ ঘুরে দেখেছেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।
মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে পার্বতীপুর থেকে ট্রেনে করে সৈয়দপুরে পৌঁছান তিনি। পরে সৈয়দপুর রেলওয়ে কারখানা ও রেলওয়ে জাদুঘর পরিদর্শন করেন।
এ সময় তার সঙ্গে ছিলেন সহধর্মিণী ডিয়ান ডাও ও মার্কিন দূতাবাসের একটি প্রতিনিধি দল।
সৈয়দপুর রেলওয়ে কারখানা কর্তৃপক্ষ জানায়, ব্রিটিশ আমলে তৈরি ‘প্রেসিডেন্ট সেলুন’ কোচটি ব্রিটিশ রাজপরিবারের সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের ভ্রমণের জন্য ভারতবর্ষে আনা হয়েছিল।
দেশভাগের পর ১৯৪৮ সালের ২৮ জুন এই বিলাসবহুল কোচটি তৎকালীন পূর্ব পাকিস্তান রেলওয়েকে দেওয়া হয়। এর নম্বর ১২৬৫। স্বাধীনতার পর দেশের কয়েকজন রাষ্ট্রপ্রধানও এই সেলুনে ভ্রমণ করেছেন। ১৯৮১ সালে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়লে কোচটি সৈয়দপুর রেলওয়ে কারখানায় এনে সংরক্ষণ করা হয়।
কোচটি কাঠের তৈরি। এর ভেতরে রয়েছে শয়নকক্ষ, দুটি আলাদা কক্ষ, রান্নাঘর, কর্মচারীদের কক্ষ, বাথরুম ও একটি সভাকক্ষ। বাথরুমে রয়েছে বাথটাব, শাওয়ার, বেসিন ও হাই কমোড। সাধারণ রেলকোচে আটটি চাকা থাকলেও এই সেলুনে রয়েছে ১২টি চাকা।
এরপর রাষ্ট্রদূত কারখানার বিভিন্ন শপ ঘুরে দেখেন। তিনি কোচ ও ভ্যান মেরামতের কাজ এবং কারখানার উৎপাদন সক্ষমতা সম্পর্কে খোঁজ নেন।
পরিদর্শন শেষে রেলওয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। সেখানে বাংলাদেশের রেল যোগাযোগের আধুনিকায়ন, নিরাপদ পরিবহনব্যবস্থা ও কারিগরি সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
রাষ্ট্রদূত সৈয়দপুর রেলওয়ে কারখানার ব্যবস্থাপনা ও কারিগরি সক্ষমতার প্রশংসা করেন। একই সঙ্গে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক ও সহযোগিতা আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন। পরে কারখানা প্রাঙ্গণে দুটি গাছের চারা রোপণ করেন তিনি।
এরপর তিনি সৈয়দপুরের ঐতিহাসিক চিনি মসজিদ ও একটি খ্রিস্টান চার্চ পরিদর্শন করেন। রাতে সৈয়দপুর বিমানবন্দর থেকে তার ঢাকায় ফেরার কথা রয়েছে।
পরিদর্শনের সময় সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক শাহ সুফি নূর মোহাম্মদ, জুনিয়র পার্সোনাল অফিসার নূর ই আলম, প্রশাসনিক ও কারিগরি ওয়ার্কশপ ব্যবস্থাপক মমতাজুল ইসলাম, নীলফামারীর অতিরিক্ত জেলা প্রশাসক নুজহাত তাসনিম আওন, সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাহ ফাতেহা তাকমিলা উপস্থিত ছিলেন।
ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন চলতি বছরের ১৫ জানুয়ারি বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব নেন। রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব নেওয়ার পর রংপুর বিভাগে এটি তার প্রথম সফর।