১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আন্তর্জাতিক পুরস্কার পেল বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট

কন্দাল ফসল, ডাল, তেলবীজ, শাকসবজি, ফল ও মসলাসহ ২১২টির বেশি ফসল নিয়ে গবেষণা করে বারি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 15 Sep 2026, 08:32 PM

Updated : 17 Sep 2026, 03:00 AM

কৃষি গবেষণা ও ফসল উন্নয়নে অবদানের জন্য আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট-বারি।

ভারতের নয়াদিল্লিতে ১০ থেকে ১২ সেপ্টেম্বর অনুষ্ঠিত ড্রাইল্যান্ড কংগ্রেস-২০২৬ এ ফসল উন্নয়ন ও উৎপাদন প্রযুক্তি বিভাগে বারিকে আইএসএসসিএ গ্লোবাল অ্যাওয়ার্ড-২০২৬ দেওয়া হয়।

বারির উদ্ভাবিত ‘বারি চিনাবাদাম-৯’ জাতের স্বীকৃতি হিসেবে এ পুরস্কার দেওয়া হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানান বারির সম্পাদক ও প্রটোকল অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মো. হাসান হাফিজুর রহমান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্ষুদ্র কৃষকদের উন্নয়নে অবদানের জন্য গ্লোবাল সাউথের বিভিন্ন অঞ্চলের মনোনয়ন থেকে ‘বারি চিনাবাদাম-৯’কে নির্বাচিত করা হয়। 

প্রতিকূল পরিবেশে টিকে থাকতে সক্ষম এ জাতটি কৃষি উৎপাদন বাড়ানোর পাশাপাশি খাদ্য নিরাপত্তা ও শুষ্ক অঞ্চলের কৃষকদের জলবায়ু সহনশীলতা বাড়াতে ভূমিকা রাখছে।

আইএসএসসিএ গ্লোবাল অ্যাওয়ার্ড ব্যাপকভাবে ব্যবহার ও অন্য দেশে প্রয়োগের সম্ভাবনাময় কৃষি উদ্ভাবনকে স্বীকৃতি দেয়।

বারির মহাপরিচালক মো. মঞ্জুরুল কাদির বলেন, এ পুরস্কার বারির গবেষণার উৎকর্ষতার স্বীকৃতি। স্থানীয় চাহিদা অনুযায়ী কৃষি গবেষণা শুষ্ক অঞ্চলের উৎপাদনশীলতা বাড়াতে পারে, ‘বারি চিনাবাদাম-৯’ তা প্রমাণ করেছে।

তিনি বলেন, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা ও কৃষকদের উন্নায়নে বারি উদ্ভাবনী প্রযুক্তি নিয়ে কাজ করে যাচ্ছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ পুরস্কার দক্ষিণ-দক্ষিণ সহযোগিতায় বাংলাদেশের অবদানকে তুলে ধরেছে। উন্নয়নশীল বিভিন্ন অঞ্চলে বাংলাদেশের কৃষি গবেষণার প্রযুক্তি ব্যবহারের সুযোগও তৈরি হচ্ছে।

বারি দেশের সবচেয়ে বড় বহুমুখী ফসল গবেষণা প্রতিষ্ঠান। কন্দাল ফসল, ডাল, তেলবীজ, শাকসবজি, ফল ও মসলাসহ ২১২টির বেশি ফসল নিয়ে গবেষণা করে প্রতিষ্ঠানটি। পাশাপাশি উচ্চফলনশীল ও জলবায়ু সহনশীল জাত এবং টেকসই কৃষি প্রযুক্তি নিয়ে কাজ করছে বারি।