২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

মানিকগঞ্জে বিএনপি নেতার বাড়িতে হামলার আসামি ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

দেলোয়ার হোসেন হরিরামপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সমাজসেবা সম্পাদকও ছিলেন।

মানিকগঞ্জে বিএনপি নেতার বাড়িতে হামলার আসামি ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া দেলোয়ার হোসেন।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2025, 11:41 AM

Updated : 26 Aug 2026, 01:12 PM

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার সরকারি বিচারপতি নুরুল ইসলাম কলেজ শাখা ছাত্রলীগের আহ্বায়ক দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি বিএনপি নেতা আফরোজা খান রিতার বাড়িতে হামলার মামলার আসামি। 

সোমবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার যাত্রাপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন হরিরামপুর থানার এসআই এমদাদুল হক। 

দেলোয়ার হোসেন যাত্রাপুর গ্রামের মো. ছিদ্দিকের ছেলে। তিনি হরিরামপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সমাজসেবা সম্পাদকও ছিলেন।

মামলার বরাতে এসআই এমদাদুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২০২২ সালের ৩০ মে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার আন্ধারমানিক গ্রামের বাড়িতে দোয়া-মাহফিলের আয়োজন করা হয়। 

সেই অনুষ্ঠানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা হামলা করে। এতে রিতার ঘরবাড়ি ভাঙচুরসহ নেতাকর্মী আহত হয়। 

এ ঘটনায় ২০২৪ সালের গত ২৯ অক্টোবর হরিরামপুর থানায় মামলা করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. দেলোয়ার হোসেন খান ভিপি দুলাল। 

মামলায় মানিকগঞ্জের সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমসহ ৮৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৫০-৬০ জনকে আসামি করা হয়। এই মামলার এজাহারে ৭৩ নম্বর আসামি দেলোয়ার হোসেন। 

হরিরামপুর থানা ওসি মুহাম্মদ মুমিন খান বলেন, গ্রেপ্তার দেলোয়ারকে মঙ্গলবার সকালে আদালতে পাঠানো হয়েছে।