Published : 09 Feb 2026, 05:05 PM
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার শেষ দিনে কুমিল্লায় কেন্দ্র দখল, অস্ত্র প্রদর্শন, কালোটাকা ছড়ানো ও জাল ভোটের আশঙ্কা নিয়ে একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলেছে বিএনপি ও জামায়াত।
সোমবার সকালে উভয় পক্ষই এসব বিষয়ে প্রশাসনকে অবহিত করার কথা জানিয়েছে।
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান ওয়াসিম সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, “একটি দলের কূট-কৌশল নিয়ে আমরা আশঙ্কা করছি। কারণ তারা আগেই বাড়ি বাড়ি গিয়ে ভোটার আইডি কার্ড ও বিকাশ নম্বর সংগ্রহ করেছে। আমরা শঙ্কায় আছি তারা জাল ভোট ও কালোটাকা ছড়িয়ে ভোট প্রভাবিত করতে পারে।
“আপনারা জানেন এই কাজ জামায়াত শিবিরের। আমরা প্রশাসনকে এসব বিষয়ে অবহিত করেছি।”
এর আগে শেষ দিনের প্রচারের পর কুমিল্লা সদর আসনের জামায়াতের প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ অভিযোগ করে বলেন, “একটি দলের আচরণ এমন মনে হচ্ছে আগেই ভোট সেরে ফেলবে। কেন্দ্র দখল করে রাতের অন্ধকারেই ভোট সেরে ফেলতে চায় তারা। এমনই আচরণ তাদের।

বিএনপির অভিযোগের বিষয়ে জানতে চাওয়া হলে জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান মো. মোসলেহ উদ্দিন বলেন, “তারা (বিএনপি) যে অভিযোগ করছে এগুলো অপবাদ। উল্টো তারাই অবৈধ অস্ত্রের মাধ্যমে নির্বাচনকে প্রভাবিত করার পরিকল্পনা করছে। আমরা ইতোমধ্যে এটি প্রশাসনকে জানিয়েছি।”
এ বিষয়ে কুমিল্লা দক্ষিণ জেলার নির্বাচনি সমন্বয়ক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিন উর রশিদ ইয়াসিন বলেন, “আমাদের বিরুদ্ধে কিছু একটা বলা দরকার তাই জামায়াত ইসলামী এসব বলছে। বিএনপি কেন্দ্র দখল কিংবা অস্ত্র দিয়ে ভোট নেওয়ার দল নয়।”
প্রচারের শেষ দিনে কুমিল্লার সবকটি আসনেই তাদের জমজমাট কার্যক্রম চালিয়েছেন বিএনপি, জামায়াত, এনসিপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশসহ কয়েকটি দল।
কুমিল্লার ১১ টি আসনে মোট ৮৬ প্রার্থী ফেব্রুয়ারি ভোটে লড়াই করছে। ৪৮ লাখ ৫০ হাজারেরও বেশি ভোটার সংসদ নির্বাচনে প্রায় দেড় হাজার কেন্দ্রে ভোট প্রদান করবেন।