২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

স্ত্রীর বিদায় বেলায় অঝোরে কাঁদলেন কাদের সিদ্দিকী

শনিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় নাসরিন সিদ্দিকীর মৃত্যু হয়।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2025, 11:19 PM

Updated : 26 Aug 2026, 01:10 PM

সহধর্মিণী নাসরিন সিদ্দিকীর জানাজায় অঝোরে কেঁদেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী।

রোববার বাদ জোহর টাঙ্গাইল শহরের পিটিআই মসজিদ মাঠে প্রয়াতের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে বক্তব্য দিতে গিয়ে ভেঙে পড়েন কাদের সিদ্দিকী; কাঁদেন অঝোরে। এ সময় জানাজায় অংশ নেওয়া অন্যরাও আবেগাপ্লুত হয়ে পড়েন।

জানাজা অংশগ্রহণকারীদের মধ্যে রয়েছেন সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার খোকা, টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, টাঙ্গাইল জেলা জামায়াতে ইসলামীর আমির আহসান হাবীব মাসুদ।

শনিবার রাতে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নাসরিন সিদ্দিকীর মৃত্যু হয়। পরে তার মৃতদেহ টাঙ্গাইল শহরের ‘সিদ্দিকী কটেজে’ নেওয়া হয়। সেখানে তাকে এক নজর দেখতে ভিড় করেন কাদের সিদ্দিকীর রাজনৈতিক সহকর্মী, সমর্থক, অনুসারী ও স্বজনরা।

রোববার বাদ আছর কালিহাতী উপজেলার ছাতিহাটী গ্রামে দ্বিতীয় জানাজা শেষে নাসরিক সিদ্দিকীকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

নাসরিন সিদ্দিকী টাঙ্গাইলের কুমুদিনী কলেজের সাবেক অধ্যক্ষ নার্গিস হামিদ কোরেশীর মেয়ে। তিনি কাদের সিদ্দিকী প্রতিষ্ঠিত কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। মৃত্যুকালে নাসরিন সিদ্দিকী স্বামী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

কাদের সিদ্দিকীর স্ত্রী বিয়োগ