১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

গ্রাম আদালত: ব্রাহ্মণবাড়িয়ায় এক বছরে দুই হাজার ৪৫৩ মামলা নিষ্পত্তি

এসব মামলা থেকে ক্ষতিপূরণ আদায় করা হয় এক কোটি ৪৩ লাখ টাকা।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2026, 07:03 PM

Updated : 26 Aug 2026, 03:36 PM

ব্রাহ্মণবাড়িয়ায় গ্রাম আদালতে এক বছরে দুই হাজার ৪৫৩টি মামলা নিষ্পত্তি হয়েছে; যা থেকে ক্ষতিপূরণ আদায় হয়েছে এক কোটি ৪২ লাখ ৭৫ হাজার ৫০০ টাকা।

২০২৫ সালের এপ্রিল থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত এসব মামলা নিষ্পত্তি হয়। এ সময় মামলা হয়েছিল দুই হাজার ৫৫৩টি। 

বুধবার দুপুরে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরিতে স্থানীয় অংশীজনদের সঙ্গে অনুষ্ঠিত সমন্বয় সভায় এ তথ্য দেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মো. আবুসাঈদ।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, সাংবাদিক এবং জেলার ১০০ ইউনিয়নের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরদের নিয়ে আলাদাভাবে এ সভার আয়োজন করা হয়।

স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শরিফুল ইসলামের সভাপতিত্বে জেলা প্রশাসক আবুসাঈদ ছাড়াও এতে অতিরিক্ত পুলিশ সুপার আবু সাঈদ মো. গাওছাল আজম, ব্রাহ্মণবাড়িয়া সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. আব্দুল কাইয়ুম, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ইফতেখার আহমদ চৌধুরী, যুব উন্নয়নের উপ-পরিচালক আবদুল্লাহ ভূঁইয়া, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন, সাধারণ সম্পাদক মো. বাহারুল ইসলাম মোল্লা এবং টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আল-আমিন শাহিন বক্তব্য দেন।

সভা পরিচালনা করেন গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের জেলা ব্যবস্থাপক মো. মেরাজুল ইসলাম।

জেলা প্রশাসক আবুসাঈদ বলেন, গ্রাম আদালতের বিষয়ে বেশি প্রচার-প্রচারণা করা হলে মানুষ আরও সচেতন হবে। এতে আদালতের কার্যক্রম ফলপ্রসূ হবে।