Published : 06 Sep 2026, 01:30 PM
লক্ষ্মীপুরের রায়পুরে ‘মাদকাসক্ত’ এক যুবকের দেওয়া আগুনে মালামালসহ ২৪ কক্ষের ছয়টি বসতঘর পুড়ে গেছে বলে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন।
পরে ওই যুবককে পিটুনি দিয়ে পুলিশে দিয়েছেন স্থানীয়রা।
রোববার ভোরে সোনাপুর ইউনিয়নের বাসাবাড়ি বাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে রায়পুর থানার ওসি নিজাম উদ্দিন ভূঁইয়া জানান।
ফায়ার সার্ভিস বলছে, আগুনে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
পিটুনির শিকার সোহেল সোনাপুর এলাকার মো. রফিকের ছেলে। সে ‘চিহ্নিত মাদকসেবী’ বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা বলছে, মাদকাসক্ত সোহেল ভোরে তাদের ঘরে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয়। এ সময় আগুন দ্রুত ছড়িয়ে পড়লে আশপাশের বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।
এরপর ৯৯৯ নম্বরে খবর পেয়ে রায়পুর ও সদর থেকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্ত এর আগেই ২৪টি কক্ষের ছয়টি বসতঘর পুড়ে যায়।
আগুন লাগানোর ঘটনায় স্থানীয়রা সোহেলকে মারধর করেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে।
রায়পুর উপজেলা ফায়ার সার্ভিস কার্যালয়ের লিডার সৈয়দ আহম্মদ বলেন, “আগুনে মালামালসহ ২৪ কক্ষের ছয়টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে রায়পুরের দুটি ও লক্ষ্মীপুরের একটি ইউনিট কাজ করেছে। আগুনে অন্তত ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।”
ওসি নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, “মাদকাসক্ত যুবক সোহেল ঘরগুলোতে আগুল দিয়েছে বলে অভিযোগ উঠেছে। তাকে আমরা অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছি। তার সঙ্গে কথা বললে ঘটনার বিস্তারিত জানা যাবে।”
এ বিষয়ে রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান কাউছার বলেন, “ঘটনাটি দুঃখজনক। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ভুক্তভোগীদের সহযোগিতা করা হবে।”