ট্রেনের ইঞ্জিনে আগুন, ময়মনসিংহ-নেত্রকোণা রেল যোগাযোগ বন্ধ
“দ্রুত ট্রেন থামিয়ে যাত্রীদের নিরাপদে নামিয়ে আনা হয়।”
ময়মনসিংহে ‘বলাকা কমিউটার ট্রেনের’ ইঞ্জিনে অগ্নিকাণ্ড ঘটেছে।
এতে ময়মনসিংহ থেকে নেত্রকোণা রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
মঙ্গলবার সকাল ১০টার দিকে গৌরীপুর রেলস্টেশনের কাছে এ ঘটনা ঘটে বলে ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি আকতার হোসেন জানান।
তিনি বলেন, “ঢাকা থেকে ময়মনসিংহ হয়ে নেত্রকোণার জারিয়ামুখী ৪৯ নম্বর বলাকা কমিউটার ট্রেনটির ইঞ্জিনে হঠাৎ আগুন লেগে যায়। পরে ইঞ্জিন বন্ধ হয়ে যায়।
“এ সময় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দ্রুত ট্রেন থামিয়ে যাত্রীদের নিরাপদে নামিয়ে আনা হয়।”
এ ঘটনায় কারো হতাহতের খবর পাওয়া যায়নি বলে রেলওয়ে পুলিশের এ কর্মকর্তা জানান।
ইঞ্জিন পরিবর্তনের কাজ চলছে চানিয়ে ওসি আকতার হোসেন বলেন, ততক্ষণ পর্যন্ত ময়মনসিংহ-নেত্রকোণা রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে।
