১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মাটি খননে মিলল মর্টার শেল, পরে নিষ্ক্রিয়

মর্টার শেলটি মুক্তিযুদ্ধের সময়কার হতে পারে বলে ধারণা করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2026, 05:32 PM

Updated : 26 Aug 2026, 03:27 PM

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়ামের পাশে মাটি খননের সময় একটি মর্টার শেল পাওয়া গেছে। পরে পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট মর্টার শেলটি নিষ্ক্রিয় করে। 

মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের টেনিস কোর্টের সংস্কার কাজের সময় মর্টার শেলটি উদ্ধার করা হয় বলে জানান প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান।

জানা গেছে, মাটি খনন করতে গিয়ে শেলটি দেখতে পান শ্রমিকরা। পরে বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানানো হলে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়।

পরে দুপুরের দিকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে গিয়ে শেলটি উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের বধ্যভূমির পেছনের একটি ফাঁকা স্থানে নিষ্ক্রিয় করে।

শেলটি ঠিক কোন সময়ের তা নিশ্চিত হওয়া না গেলেও এটি মুক্তিযুদ্ধের সময়কার হতে পারে বলে ধারণা করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, “উদ্ধার করা শেলটি অনেক পুরোনো এবং মরিচা ধরা ছিল। এটি কোন সময়ের সেটি নিশ্চিত হওয়া সম্ভব হয়নি। তবে মহান মুক্তিযুদ্ধের সময়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস গুরুত্বপূর্ণ একটা জায়গা ছিল। এখানে পাকিস্তানি সেনাদের অবস্থানও ছিল। শেলটি তখনকারই হতে পারে বলে ধারণা করা হচ্ছে।”

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মতিহার জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মহিবুল ইসলাম বলেন, মর্টার শেলটি পাওয়ার পর মহানগর পুলিশের বোমা নিষ্ক্রিয় দলের সদস্যরা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের উপস্থিতিতে তা নিষ্ক্রিয় করেন। 

নিরাপদভাবে এটি নিস্ক্রিয় করতে লোকালয় থেকে দূরে নিয়ে এবং পাশে রেললাইন থাকায় রেল কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা নিশ্চিত করা হয় বলে জানান তিনি।