Published : 27 Sep 2025, 02:58 PM
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় পদ্মা নদীতে নৌকা ডুবে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুজন নিখোঁজ রয়েছেন।
শনিবার সকাল ১০টার দিকে উপজেলার প্রেমতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মাকসুদুর রহমান জানান।
নিহত ব্যক্তির নাম জিতেন মণ্ডল (৬০)। তিনি উপজেলার কাঁঠালবাড়িয়া গ্রামের বাসিন্দা।
নিখোঁজরা হলেন- উপজেলার ফরাদপুর গ্রামের দীলিপ (৩২) এবং ডুমুরিয়া গ্রামের হরেন সাহা (৬৫)।
পুলিশ জানায়, সকালে প্রেমতলী পালপাড়া এলাকার কানাই কর্মকার (৭০) মারা যান। তার মরদেহ সমাহিত করতে পদ্মা নদীর মাঝচরে নেওয়া হচ্ছিল। মরদেহ বহনকারী নৌকার সঙ্গে আরও একটি নৌকায় ২০-২৫ জন আত্মীয়-স্বজন ও স্থানীয় ছিলেন। এ সময় তীব্র স্রোতে যাত্রীবাহী নৌকাটি উল্টে যায়।
নৌকায় থাকা সবাই সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও তিনজন নিখোঁজ হন। পরে স্থানীয়দের প্রচেষ্টায় জিতেন মণ্ডলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।দুপুর ১টা পর্যন্ত অন্য দুইজনকে উদ্ধারের চেষ্টা অব্যাহত ছিল। ফায়ার সার্ভিসের সদস্যরা নদীতে তল্লশি চালাচ্ছেন বলে জানান প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মাকসুদুর রহমান।