Published : 27 Mar 2026, 03:52 PM
গোপালগঞ্জের কোটালীপাড়ায় জমি-জমা নিয়ে বিরোধে যুবককে মারধরের পর ফের হাসপাতালে ঢুকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে তার চাচা ও চাচাতো ভাইদের বিরুদ্ধে।
শুক্রবার কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন
কোটালীপাড়া থানার এসআই সুব্রত মালো।
গুরুতর আহত রাসেল বিশ্বাস (২৫) উপজেলার বর্ষাপাড়া গ্রামের জামাল বিশ্বাসের ছেলে। জামাল বিশ্বাসের সঙ্গে তার ভাই পান্না বিশ্বাসের দীর্ঘদিন ধরে জমি-জমা নিয়ে বিরোধ চলছিল।
আহত রাসেলের ভাই রবিউল বিশ্বাস বলেন, “জমি-জমা নিয়ে দীর্ঘদিন ধরে আমার চাচা পান্না বিশ্বাসের সঙ্গে আমাদের বিরোধ চলে আসছিল। এরই সূত্র ধরে বৃহস্পতিবার রাতে চাচার লোকজন আমার ভাইকে মারধর করে। পরে সকালে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে আসি।
“কিন্তু শুক্রবার হাসপাতালে এসে ফের হামলা চালায় চাচার লোকজন। চাচাতো ভাই শাওন বিশ্বাস, বাবু বিশ্বাস, মানিক বিশ্বাস, অনিক বিশ্বাস ও হাফিজুর বিশ্বাস আমার ভাই রাসেলকে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। তার অবস্থা এখন আশঙ্কাজনক।”
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কুমার মৃদুল দাস বলেন, “ওই যুবক শুক্রবার সকালের হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিতে আসেন। তারপরই তার ওপর এ হামলার ঘটনা ঘটে।
“হামলায় তিনি মারাত্মক জখম হন। পরে হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ওই যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”
এ বিষয়ে জানার জন্য পান্না বিশ্বাসের বাড়িতে গিয়েও তাকে পাওয়া যায়নি। তার মোবাইলও বন্ধ রয়েছে। এ কারণে তার বক্তব্য পাওয়া যায়নি।
কোটালীপাড়া থানার এসআই সুব্রত মালো বলেন, “খবর পেয়ে সঙ্গে সঙ্গে আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে এসেছি। এখানের পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। আহতের পরিবার এখন পর্যন্ত কোনো অভিযোগ করেনি। পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।