২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

গরু বেচাকেনা নিয়ে বিরোধ: চুয়াডাঙ্গায় ২ ভাইকে কুপিয়ে হত্যা

নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2025, 04:39 PM

Updated : 26 Aug 2026, 02:19 PM

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় পূর্ব বিরোধকে কেন্দ্র করে দুই সহোদরকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।

শনিবার সকাল ১১টার দিকে উপজেলার উথলি গ্রামে এ হত্যার ঘটনা ঘটে বলে জানিয়েছেন জীবননগর থানার ওসি মামুন হোসেন বিশ্বাস। 

নিহতরা হলেন- মিন্টু আনোয়ার (৫৫) ও আমির হামজা (৪৫)। তারা ওই গ্রামের মাঝেরপাড়ার মৃত খোদাবকসের ছেলে।

স্থানীয়দের বরাতে ওসি মামুন হোসেন বিশ্বাস বলেন, গরু বেচাকেনা নিয়ে দুই ভাইয়ের গ্রামের কিছু লোকজনের সঙ্গে বিরোধ ছিল। এর মধ্যে শনিবার সকালে দুই ভাই ব্রিজ মাঠে কাজ করতে গিয়েছিলেন। 

সেখানে পূর্ব বিরোধের জের ধরে দুইভাইয়ের ওপর হামলা চালায় প্রতিপক্ষের লোকজন এবং কুপিয়ে ও পিটিয়ে পালিয়ে যায়। 

মারাত্মক আহত অবস্থায় তাদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক হামজাকে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় আরেক ভাই আনোয়ার মারা যান। 

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ওয়াহিদ মাহমুদ রবিন বলেন, দুজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে। একজন হাসপাতালে আসার আগেই এবং অপরজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

ওসি মামুন আরও বলেন, নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

চুয়াডাঙ্গার সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) মোস্তাফিজুর রহমান বলেন, নিহতদের সঙ্গে প্রতিবেশীদের পূর্ব থেকে বিরোধ ছিল। সেই বিরোধের জের ধরেই মাঠের মধ্যে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।