১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রাজশাহীতে স্ত্রী হত্যার মামলায় জামায়াত নেতার গ্রেপ্তার দাবিতে ছাত্রদলের বিক্ষোভ

ছাত্রদলের নেতাকর্মীদের দাবি, জামায়াতের রাজনৈতিক প্রভাবের কারণেই মিজানুরকে গ্রেপ্তার করা হচ্ছে না।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2026, 05:10 PM

Updated : 11 Sep 2026, 03:17 PM

রাজশাহীতে এক গৃহবধূকে হত্যা মামলার আসামি জামায়াত নেতাকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদল।

শুক্রবার রাতে নগরের সাহেববাজার জিরোপয়েন্ট এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের করে মহানগর ছাত্রদল। মিছিলটি মনিচত্বর হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করা হয়েছে। 

এসব কর্মসূচিতে জামায়াত-শিবিরবিরোধী বিভিন্ন স্লোগান দেন বিক্ষোভকারীরা। 

সমাবেশে মহানগর ছাত্রদলের সদস্য সচিব ইমদাদুল হক লিমন বলেন, “রিয়া হত্যার বিচার নিশ্চিত করতে হবে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। বিচার না হওয়া পর্যন্ত ছাত্রদল রাজপথে থাকবে।”

নিহত ঋতু খাতুন রিয়া (২২) নগরের ধরমপুর এলাকার বাসিন্দা মিজানুর রহমান মিজানের স্ত্রী।

গত বুধবার সকালে রিয়ার স্বজনেরা খবর পান, শ্বশুরবাড়িতে তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় রিয়ার মা শিলা খাতুন বাদী হয়ে থানায় হত্যা মামলা করেন। আসামি করা হয় রিয়ার স্বামী মিজানুর রহমান মিজান ও অজ্ঞাত তিনজনকে। 

শিলা খাতুনের অভিযোগ, মিজানুর রহমান ২৮ নম্বর ওয়ার্ড (পূর্ব) জামায়াতের সাংগঠনিক সম্পাদক। মিজানুর পরকীয়ায় জড়িত ছিলেন এবং যৌতুকের দাবিতে দীর্ঘদিন ধরে তার মেয়েকে নির্যাতন করতেন। মিজানুরের নির্যাতনে তার মেয়ে মারা গেছে।  

পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। কিন্তু মামলার দুই দিন পার হলেও প্রধান আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

ছাত্রদলের নেতাকর্মীদের দাবি, জামায়াতের রাজনৈতিক প্রভাবের কারণেই মিজানুরকে গ্রেপ্তার করা হচ্ছে না। 

এ বিষয়ে মতিহার থানার ওসি মোহাম্মদ গোলাম কবির বলেন, “ঘটনার পর থেকে রিয়ার স্বামী পালাতক রয়েছে। তাকে গ্রেপ্তারে পুলিশী তৎপরতা অব্যাহত রয়েছে। 

“তবে রিয়াকে হত্যা করা হয়েছে কি না বা অন্য কোনোভাবে মৃত্যু হয়েছে তা এখনো নিশ্চিত নয়। ফরেনসিক প্রতিবেদন পাওয়া গেলে তার মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।”

তবে জামায়াতের রাজশাহী মহানগরের সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল বলেন, “মিজানুর রহমান নামে আমাদের দলে কেউ আছে কি না, এ বিষয়ে আমার জানা নেই। থাকলেও হত্যার অভিযোগ নিয়ে জামায়াতের পদে থাকতে পারবে না।”