১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কক্সবাজারে ‘ভোটপ্রেমী’ জগদীশ গ্রেপ্তার

সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক ব্যাঙ্গাত্মক ও কুরুচিপূর্ণ ভিডিও বার্তা প্রচার করেন তিনি আলোচিত-সমালোচিত হন।

কক্সবাজারে ‘ভোটপ্রেমী’ জগদীশ গ্রেপ্তার

পুলিশের হাতে গ্রেপ্তার জগদীশ বড়ুয়া পার্থ

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2022, 06:29 PM

Updated : 21 Oct 2022, 06:56 PM

কক্সবাজার জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে পরাজিত প্রার্থী ও ‘রাষ্ট্রপতি নির্বাচনে’ অংশগ্রহণের ঘোষণা দিয়ে আলোচিত-সমালোচিত জগদীশ বড়ুয়া পার্থকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, পূর্বশত্রুতার জেরে এলাকার এক প্রতিবেশীর ওপর হামলার ঘটনায় করা মামলায় জগদীশকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার ভোর রাতে শহরের শহীদ সরণীস্থ ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান কক্সবাজার সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. সেলিম উদ্দিন।

জগদীশ বড়ুয়া পার্থ (৪২), জেলা শহরের বিজিবি ক্যাম্প সংলগ্ন পূর্ব বড়ুয়া পাড়ার মৃত কালী চরণ বড়ুয়ার ছেলে।

জগদীশ বড়ুয়া ২০১২ সালে নিজেই গঠন করেন 'বাংলাদেশ মঙ্গল পার্টি'। কথিত এ দলটির চেয়ারম্যান হিসেবে তিনি উপজেলা পরিষদ, পৌরসভা ও জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হিসেবে অংশগ্রহণ করেন।

সর্বশেষ গত ১৭ অক্টোবর অনুষ্ঠিত জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে অংশগ্রহণ করে তিনি  ৯ ভোট পেয়েছেন।

তবে নির্বাচনী প্রচারণায় সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক ব্যাঙ্গাত্মক ও কুরুচিপূর্ণ ভিডিও বার্তা প্রচার করেন তিনি আলোচিত-সমালোচিত হন।

এসব ভিডিও বার্তায় তিনি তার সমালোচনাকারী ভোটারদের (জনপ্রতিনিধি) অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এসব ভিডিও বার্তায় ভোটারদের পাশাপাশি সাধারণ মানুষের মাঝে হাস্যরসের পাশাপাশি আলোচনা-সমালোচনার ঝড় উঠে।

জেলা পরিষদ নির্বাচনে হারের পর গত ১৮ অক্টোবর জেলা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে লাইভ করা এক ভিডিওতে নিজেকে ‘রাষ্ট্রপতি নির্বাচনের’ প্রার্থী ঘোষণা করেন।

জানা গেছে, জগদীশ বড়ুয়া কক্সবাজার জেলা ছাত্রদলের সাবেক নেতা। পরে গত ২০০৬ সালে বিএনপি ক্ষমতা ছাড়ার পর থেকে দলটির রাজনীতিতে নিষ্ক্রিয় হয়ে পড়েন। পরে তিনি নিজেই পার্টি গঠন করেন।

ছড়িয়ে পড়া ভিডিওতে জগদীশ নিজেকে এক সময় বিএনপির রাজনীতিতে জড়িত থাকার কথা স্বীকার করেন এবং দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ‘তারেক জিয়ার ভক্ত’ বলেও দাবি করেন। ভিডিওতে তিনি নিজের হাতের বাহুতে আঁকা তারেক জিয়ার নাম সম্বলিত ট্যাটুও দেখান।

পরিদর্শক সেলিম বলেন, চলতি বছরের গত ২৩ জানুয়ারি প্রতিবেশীর দোকানে হামলা ও ভাংচুর চালিয়ে লুটপাটের অভিযোগে জগদীশ বড়ুয়া পার্থর বিরুদ্ধে শুভধন বড়ুয়া বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

“ওই মামলায় তিনি পলাতক ছিলেন। পরে শুক্রবার ভোর রাতে কক্সবাজার শহরের শহীদ সরণীস্থ একটি ভাড়া বাসায় অবস্থান করছে খবরে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে।”

জগদীশকে সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান পরিদর্শক সেলিম।