২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

মানিকগঞ্জে এক পরিবারের তিন অগ্নিদগ্ধ, ১ জনের মৃত্যু

দগ্ধ আরও দুই জনের অবস্থা আশঙ্কাজনক বলে মৃতের স্বজনরা জানিয়েছেন।

মানিকগঞ্জে এক পরিবারের তিন অগ্নিদগ্ধ, ১ জনের মৃত্যু

মো. রাশেদ

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2022, 06:50 PM

Updated : 27 Oct 2022, 11:10 AM

মানিকগঞ্জে গ্যাসের আগুনে এক পরিবারের তিনজনসহ দগ্ধ চারজনের মধ্যে একজন মারা গেছেন। দগ্ধ অপর তিনজনের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক বলে স্বজনরা জানিয়েছেন।

মানিকগঞ্জ সদর থানার ওসি আব্দুল রউফ সরকার জানান, মঙ্গলবার রাতে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জিরি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মৃত মো. রাশেদ (৩৮) মানিকগঞ্জের সাটুরয়া উপজেলার ফকুরহাটি ইউনিয়নের রাইল্লা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

রাশেদের ভাতিজা অমিত হাছান মজিব জানান, মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে তার ছোট কাকা মো. রাশেদ চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় কাকার ৩ বছরের ছেলে ও স্ত্রী আশঙ্কাজনক অবস্থায় ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

অমিত জানান, মানিকগঞ্জ পৌরসভার নারঙ্গাই এলাকায় একটি ভাড়া বাড়িতে মো. রাশেদ স্ত্রী ও তিন বছরের শিশুকে নিয়ে থাকতেন।

“মঙ্গলবার ভোরে দোকানে আসার সময় বাসার ভিতরে দিয়াশলাইয়ের কাঠি জ্বালানোর সঙ্গে সঙ্গে আগুন জ্বলে ওঠে। এ সময় বাসার ভিতরে থাকা দোকানের কর্মচারীসহ রাশেদ, তার ছেলে ও স্ত্রী আগুনে পুড়ে যান।”

আশপাশের লোকজন তাদের উদ্ধার করে মানিকগঞ্জ সদার হাসপাতালে নিয়ে আসে। অবস্থার অবনতি হলে রাশেদ, তার ছেলে ও স্ত্রীকে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।

দগ্ধ কর্মচারী মানিকগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলেও জানান তিনি।