যুবককে কুপিয়ে হত্যা, প্রতিবেশী ৩ ভাই গ্রেপ্তার
এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে সাতজনকে আসামি করে থানায় মামলা করেছেন।
কেরানীগঞ্জ-দোহার-নবাবগঞ্জ প্রতিনিধি. বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে এক যুবককে কুপিয়ে হত্যা করার অভিযোগে প্রতিবেশী তিন ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কেরানীগঞ্জ মডেল থানার ওসি (তদন্ত) মো. খোরশেদ আলম জানান, উপজেলার সিরাজনগর গ্রামে রোববার সন্ধ্যায় এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত মোকলেস উদ্দিন (৩০) ওই গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে।
এ ঘটনায় মোকলেসের বাবা বাদী হয়ে সাতজনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন বলে জানায় পুলিশ।
গ্রেপ্তাররা হলেন- প্রতিবেশী জাহাঙ্গীরের তিন ছেলে ইমরান আহমেদ জিহান (১৪), হিমেল আহমেদ (১৭) ও রায়হান আহমেদ (২০)।
নিহতের পরিবার জানায়, দীর্ঘদিন ধরে তাদের সঙ্গে একটি জমি নিয়ে প্রতিবেশী জাহাঙ্গীরের বিরোধ চলছিল। এর জের ধরে রোববার বিকালে মোকলেসের সঙ্গে জাহাঙ্গীরের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে জাহাঙ্গীর ও তার তিন ছেলে দেশীয় অস্ত্র নিয়ে মোকলেসকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে হাসপাতালে নেওয়ার পথে মোকলেসের মৃত্যু হয়।
ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে। খবর পেয়ে পুলিশ তিন ভাইকে গ্রেপ্তার করে। তবে তাদের বাবা জাহাঙ্গীর পলাতক রয়েছে, তাকে গ্রেপ্তারে চেষ্টা চলছে।
