১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

জামালপুরের বকশীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাংগঠনিক কর্মকাণ্ড স্থগিত ঘোষণা

পৌর আওয়ামী লীগের কিছু কর্মকাণ্ডেকে সংগঠনের ঊর্ধ্বতন শাখার নেতৃত্বের নির্দেশনা অবজ্ঞা করার অপচেষ্টা হিসেবে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2023, 11:38 PM

Updated : 20 Aug 2023, 11:38 PM

দলে বিভেদ সৃষ্টির অপতৎপরতার অভিযোগে বাংলাদেশ আওয়ামী লীগের বকশীগঞ্জ পৌর শাখার সাংগঠনিক কর্মকাণ্ড সাময়িক স্থগিত করা হয়েছে।

রোববার বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহিনা বেগম এবং সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন তালুকদার বাবুল স্বাক্ষরিত এক চিঠিতে স্থগিতের এ ঘোষণা দেওয়া হয়।

বকশীগঞ্জ পৌর আওয়ামী লীগের আহ্বায়ক মো. জালাল উদ্দিন বরাবর পাঠানো চিঠিতে বলা হয়েছে, “গত ১৬ আগস্ট উপজেলা আওয়ামী লীগকে না জানিয়ে বিতর্কিত একটি অনুষ্ঠানের আয়োজন করে বকশীগঞ্জ পৌর আওয়ামী লীগ। যা দলের মাঝে বিভ্রান্তি ও বিভেদ সৃষ্টির অপচেষ্টা। ওই অনুষ্ঠান স্থগিত করতে পৌর আওয়ামী লীগের আহ্বয়াককে উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে নির্দেশনা দেওয়ার পরেও অনুষ্ঠানটি হয়েছে।”

এ কর্মকাণ্ডেকে সংগঠনের ঊর্ধ্বতন শাখার নেতৃত্বের নির্দেশনা অবজ্ঞা করার অপচেষ্টা মাত্র হিসেবে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

সেখানে বলা হয়, গত ১৮ আগস্টে উপজেলা আওয়ামী লীগের নোটিসের জবাবে পৌর আওয়ামী লীগের আহ্বায়ক জানান, অনুষ্ঠান শুরুর আগে যদি তিনি বন্ধের নির্দেশনা পেতেন তাহলে অবশ্যই স্থগিত করতেন।

তবে তার এ জবাবে সন্তুষ্ট নয় উপজেলা আওয়ামী লীগ। সেইসঙ্গে ১৫ আগস্ট বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভাতেও পৌর আওয়ামী লীগের কেউ অংশগ্রহণ না করায় বিষয়টিকে দলের ঊর্ধ্বতন শাখার প্রতি আনুগত্যহীনতার বহিঃপ্রকাশ বলে মনে করা হচ্ছে। এ বিষয়টিও চিঠিতে উল্লেখ করেছে উপজেলা আওয়ামী লীগ।

সবশেষে চিঠিতে বলা হয়েছে, “বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্রের ৬২ (১) নম্বর ধারা মোতাবেক বাংলাদেশ আওয়ামী লীগ বকশীগঞ্জ পৌর শাখার বর্তমান আহ্বায়ক কমিটির মেয়াদ অনেক আগেই উত্তীর্ণ হয়েছে। কমিটির সাম্প্রতিক সাংগঠনিক তৎপরতার মধ্যে ঊর্ধ্বতন শাখার আদেশ ও দিকনির্দেশনা প্রতিপালনে অবজ্ঞা প্রদর্শন এবং দলে বিভেদ ও বিশৃঙ্খলা সৃষ্টি এবং অপতৎপরতার বিষয়টি সুস্পষ্ট হওয়ায় সংগঠনের সার্বিক স্বার্থে বাংলাদেশ আওয়ামী লীগ, বকশীগঞ্জ পৌর শাখার সকল সাংগঠনিক কর্মকাণ্ড পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে স্থগিত করা হল। বাংলাদেশ আওয়ামী লীগ, জামালপুর জেলা শাখার সঙ্গে আলোচনা সাপেক্ষে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।”

রোববারই এ চিঠি পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানান বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন তালুকদার বাবুল।

তবে রাত পর্যন্ত চিঠি হাতে পাননি বলে জানিয়েছেন বকশিগঞ্জ পৌর আওয়ামী লীগের আহ্বায়ক মো. জালাল উদ্দিন।

তিনি বলেন, সাংগঠনিক কর্মকাণ্ড স্থগিতের চিঠি তিনি হাতে পাননি, তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন। বর্তমান উপজেলা আওয়ামী লীগের কমিটি গঠনের পর তাকে কোনোদিনই কোনো বিষয়ে চিঠি দেওয়া হয়নি বলেও দাবি তার।