১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রাকসুর দায়িত্ব নিলেন নির্বাচিত প্রতিনিধিরা

শপথ পাঠ করান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রাকসুর সভাপতি অধ্যাপক সালেহ হাসান নকীব।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2025, 08:09 PM

Updated : 26 Aug 2026, 02:33 PM

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে নির্বাচিতদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। 

রোববার বিকাল ৫টায় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে শপথ পাঠ করান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রাকসুর সভাপতি অধ্যাপক সালেহ হাসান নকীব। 

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন রাকসুর নির্বাচন কমিশনার অধ্যাপক আব্দুল হান্নান। তিনি বলেন, “রাকসু নির্বাচন অংশগ্রহণমূলক ও স্বচ্ছ হয়েছে। নির্বাচিত সবাইকে অভিনন্দন জানাচ্ছি এবং এর পাশাপাশি তারা যেন শিক্ষার্থীদের হয়ে কাজ করে সেই আশাবাদ ব্যক্ত করছি।”

শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত রাকসুর ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, “দীর্ঘ ৩৫ বছর পর রাকসু নির্বাচনটা যেমন একটি ইতিহাস, তেমনি আমাদের জন্য সম্মানের। এখানে স্বতন্ত্র এবং বিভিন্ন প্যানেলের প্রতিনিধিরা রয়েছেন। আমরা সবাই ইশতেহারগুলো সমন্বয় করে যেগুলো দ্রুত সময়ের মধ্যে কার্যকর করা সম্ভব সেগুলো নিয়ে কাজ শুরু করব। মৌলিক বিষয় যেগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা দ্রুত সময়ের মাঝে কাজ করতে চেষ্টা করব।”

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ফরিদ উদ্দীন খান, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. মতিয়ার রহমান, নির্বাচন কমিশনার, প্রক্টর, হল প্রাধ্যক্ষরা উপস্থিত ছিলেন।

শপথ অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রধান রিটার্নিং কর্মকর্তা ও রাকসু কোষাধ্যক্ষ অধ্যাপক সেতাউর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম। 

১৬ অক্টোবর রাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। বুধবার রাকসু নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।