Published : 17 Jan 2026, 04:59 PM
গাইবান্ধা সাঘাটা উপজেলায় ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি মারা গেছেন।
শনিবার সকালে উপজেলার বোনারপাড়া স্টেশনের উত্তর পাশে রামসাগর এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন বোনারপাড়া রেলওয়ে থানার এসআই লুৎফর রহমান।
নিহত মহসিন আলী (৪৪) জেলার গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়নের বুড়িরভিটা ফলগাছা গ্রামের আহম্মদ আলীর ছেলে।
স্বজনদের দাবি, তিনি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় (ভারসাম্যহীন) ভুগছিলেন।
প্রত্যদর্শীদের বরাতে রেলওয়ে পুলিশ জানায়, সকালে দিনাজপুরগামী রামসাগর এক্সপ্রেস ট্রেনটি বোনারপাড়া স্টেশন থেকে ছেড়ে যাচ্ছিল। এ সময় স্টেশনের উত্তর পাশে রেললাইন পার হওয়ার সময় মহসিন আলী ট্রেনের নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এসআই লুৎফর রহমান বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে মহসিন আলীর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।