Published : 11 Feb 2026, 07:07 PM
কুমিল্লার চৌদ্দগ্রামে ভোটার স্লিপের সঙ্গে টাকা বিতরণের সময় বিএনপির দুই কর্মীকে হাতেনাতে ধরা হয়েছে। পরে তারা স্থানীয়দের সঙ্গে ‘সমঝোতা’ করে সেখান থেকে চলে যায়।
এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।
বুধবার সকালে গুনবতী ইউনিয়নে এ ঘটনা ঘটে বলে চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. নুরুল আমিন জানিয়েছেন।
বিএনপির ওই দুই কর্মী হলেন- আবদুল মান্নান ও ফকির মেম্বার। তারা কুমিল্লা ১১ আসনের (চৌদ্দগ্রাম) বিএনপি প্রার্থী কামরুল হুদার সমর্থক বলে জানা গেছে।
চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. নুরুল আমিন বলেন, “ঘটনা শুনে আমরা সেখানে পুলিশ পাঠাই। কিন্তু তাদের ঘটনাস্থলে পাওয়া যায়নি। তাদেরকে না পেলেও বিষয়টি ইলেকটোরাল ইনকোয়ারি কমিটিকে জানানো হয়েছে; তারা ব্যবস্থা নেবেন।”
প্রত্যক্ষদর্শীরা বলছেন, আব্দুল মান্নান ও ফকির মেম্বার বাড়ি বাড়ি গিয়ে ভোটার স্লিপের সঙ্গে টাকা বিতরণ করছিলেন। এ সময় স্থানীয়রা তাদের আটক করে। পরে তারা স্থানীয়দের সঙ্গে ‘সমঝোতা’ করে সেখান থেকে চলে যায়।
এ বিষয়ে জানতে চাইলে জেলা রিটার্নিং কর্মকর্তা মু. রেজা হাসান বলেন, “ঘটনাটি মীমাংসার মাধ্যমে শেষ হওয়ার প্রক্রিয়ায় ছিল। তবে বিষয়টি আমাদের জানানোর পর সহকারী রিটার্নিং কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
“আমরা একটি অভিযোগ দায়ের করেছি এবং সেখানে নিয়োজিত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা অভিযোগের পরিপ্রেক্ষিতে যথাযথ ব্যবস্থা নেবেন।”
এ বিষয়ে চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গিয়াউদ্দিন বলেন, “এটা সাজানো ঘটনা। আমাদের ফাঁসানো হয়েছে। আমরা প্রশাসনকে বিষয়টি অবগত করে প্রতিবাদ জানিয়েছি।”