ফেনীতে চালককে গলা কেটে হত্যার চেষ্টা, অটোরিকশা ছিনতাই
অজ্ঞাত পরিচয় কয়েকজন অমরের অটোরিকশা ভাড়া করে চরগোপালগাঁও গ্রামে নিয়ে যায় বলে জানায় পুলিশ।
ফেনীর সোনাগাজীতে এক চালকের গলা কেটে হত্যার চেষ্টার পর তার ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার কুঠির হাটের চরগোপালগাঁও গ্রামে এ ঘটনা ঘটে বলে সোনাগাজী মডেল থানার ওসি মুহাম্মদ খালেদ হোসেন দাইয়্যান জানান।
আহত ৪৫ বছর বয়সি অমর চন্দ্র কুরি উপজেলার বিষ্ণপুর গ্রামের কুরি বাড়ির বাবুল চন্দ্র কুরির ছেলে। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়দের বরাতে ওসি খালেদ জানান, অজ্ঞাত পরিচয় কয়েকজন অমরের অটোরিকশা ভাড়া করে চরগোপালগাঁও গ্রামে নিয়ে যায়। সেখানে চালকের গলা কেটে হত্যাচেষ্টা করে অটোরিকশাটি নিয়ে যায় তারা।
স্থানীয়রা আমরকে গুরুতর অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে ফেনী জেনারেল হাসপাতালে পাঠায়।
পরে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় বলে জানায় পুলিশ।
মামলার প্রস্তুতির কথা জানিয়ে ওসি খালেদ বলেন, এ ঘটনায় জড়িতদের ধরতে অভিযান শুরু করেছে পুলিশ।
