Published : 24 Aug 2026, 06:43 PM
যশোরের কেশবপুরে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের সরকারি সম্মানীর তালিকা তৈরিতে অনিয়মের অভিযোগে উপজেলা জামায়াতে ইসলামীর দুই নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে।
রোববার রাতে দলীয় সিদ্ধান্তে তাদের সাংগঠনিক সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয় বলে জানিয়েছেন কেশবপুর উপজেলা জামায়াতের নায়েবে আমির সাইদুর রহমান।
অব্যাহতি পাওয়ারা হলেন- পাঁজিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মাসুদ কামাল এবং একই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি আব্দুল মুতালেব মোল্লা।
জামায়াতের পক্ষ থেকে জানানো হয়, সরকারিভাবে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের জন্য সরকারি সম্মানীর তালিকা তৈরিতে ওই দুইজনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ওঠে। বিষয়টি প্রাথমিক তদন্তে উঠে আসার পর সংগঠনের ভাবমূর্তি রক্ষায় এ ব্যবস্থা নেওয়া হয়।
দলীয় সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে ওই দুইজন জামায়াতে ইসলামীর কোনো সাংগঠনিক কার্যক্রম ও দায়িত্বে সম্পৃক্ত থাকতে পারবেন না বলে জানিয়েছেন উপজেলা জামায়াতের নায়েবে আমির সাইদুর রহমান।