০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

লালমনিরহাট-রংপুর রুটে বাস চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা

যাত্রা বাতিল করায় ঢাকাগামী বাসের অনেক যাত্রী বিরক্তি ও ক্ষোভ প্রকাশ করেছেন বলে জানান লালমনিরহাট শাহ আলী পরিবহনের ব্যবস্থাপক মাসুদ রানা।

লালমনিরহাট-রংপুর রুটে বাস চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা

লালমনিরহাট থেকে রংপুরের পথে বাস-ট্রাক চলাচল বন্ধ আছে; ঢাকাগামী বাসও বন্ধ।

লালমনিরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2022, 10:41 PM

Updated : 28 Oct 2022, 10:41 PM

রংপুরে বিএনপির বিভাগীয় গণসমাবেশকে সামনে রেখে ডাকা বাস ধর্মঘট চলছে।

শুক্রবার সকাল ৬টা থেকে বিএনপির সমাবেশের দিন শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত এ ধর্মঘট চলবে।

মহাসড়কে নছিমন-করিমনসহ অবৈধ্য যান চলাচল বন্ধের দাবিতে রংপুর জেলা মোটর মালিক সমিতি ধর্মঘট ডাকার বিষয়টি সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়।

রংপুর জেলা মোটর মালিক সমিতির সভাপতি একেএম মোজাম্মেল হক জানান, মহাসড়কে থ্রি হুইলার, নসিমন, করিমনসহ লাইসেন্সবিহীন অবৈধ যানবাহন চলাচল বন্ধ এবং রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে প্রশাসনিক হয়রানির প্রতিবাদে এ ধর্মঘটের ডাক দিয়েছেন তারা।

এতে লালমনিরহাট থেকে রংপুরের পথে বাস-ট্রাক চলাচল বন্ধ আছে; ঢাকাগামী বাসও বন্ধ।

“শুক্রবার সকালে ঢাকার উদ্দেশে কোনো বাস ছাড়েনি; রাতেও ছাড়বে না,” বলেন মোজাম্মেল হক।

এদিকে, বাস চলাচল বন্ধ থাকায় সাধারণ যাত্রীরা চরম বিপাকে পড়েছেন। স্ট্যান্ডে এসে বাস না পেয়ে অনেকে ফিরে যাচ্ছেন। কেউ কেউ বিকল্প উপায়ে কাছাকাছি গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন।

লালমনিরহাট শহরের সাপটানা এলাকার সুজাতা রায় ও সদর উপজেলার মোগলহাট এলাকার জসিম উদ্দিন জানান, একজন চিকিৎসার জন্য অপরজন রোগী দেখতে রংপুর যেতে চাইছেন তারা। কিন্তু বাস পাচ্ছেন না।

লালমনিরহাট শহরের নামাটারী এলাকার জাকির হোসেন নামের এক ব্যবসায়ী জানান, মাল আনতে তাকে রংপুরে যেতে হবে। অথচ বাসস্ট্যান্ডে এসে গাড়ি পাচ্ছেন না।

জরুরি কাজে সকালে ঢাকা থেকে লালমনিরহাট এসেছেন এক সরকারি চাকরিজীবী। কাজ শেষে আজই ঢাকায় ফিরবেন। কিন্তু বাস বন্ধের কারণে পড়েছেন চরম বিপাকে।

লালমনিরহাট শাহ আলী পরিবহনের (ঢাকাগামী কোচ) ব্যবস্থাপক মাসুদ রানা জানান, সকালে তাদের দুটি বাসের যাত্রা বাতিল করা হয়েছে। রাতের আরও পাঁচটি বাসের যাত্রা বাতিল হয়েছে। টিকিটের যাত্রীদের সঙ্গে মেসেজে ও ফোনে যোগাযোগ করা হচ্ছে।

এতে করে অনেক যাত্রী বিরক্তি ও ক্ষোভ প্রকাশ করেছে বলে মাসুদ রানা জানান।

জেলা বাস-মিনিবাস মোটর মালিক সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য শফিকুল ইসলাম জানান, রংপুর বাস মালিক সমিতির যুগ্ম সম্পাদক মৌখিকভাবে বাস চলাতে তাদের নিষেধ করেছেন। তাই রংপুরের উদ্দেশে কোনো বাস তারা ছাড়েনি। তবে লালমনিরহাট থেকে জেলার বিভিন্ন উপজেলায় বাস চলাচল স্বাভাবিক রয়েছে।

Image

বাস না পেয়ে সাধারণ যাত্রীরা পড়েছেন বিপাকে

এদিকে, শনিবার রংপুর কালেক্টরেট স্কুলমাঠে গণসমাবেশ ডেকেছে বিএনপি। 

লালমনিরহাট থেকে রংপুরগামী বাস-ট্রাক বন্ধ থাকার পরও সমাবেশে যোগ দিতে নেতাকর্মীরা বিকল্প উপায় বেচে নিচ্ছেন।

দলীয় নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, লালমনিরহাট সদর, হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলা থেকে প্রায় ১০ হাজার নেতাকর্মী শুক্রবার বিকালেই রংপুরে পৌঁছে গেছেন। কালীগঞ্জ ও আদিতমারী উপজেলা থেকে বহু নেতাকর্মী শুক্রবার সকাল থেকে সারাদিন কাকিনা-মহিপুর সড়ক হয়ে রংপুরে গেছেন।

বাকি নেতাকর্মীরা শুক্রবার রাত ও শনিবার সকাল নাগাদ বাইসাইকেল, অটোরিকশা, ইজিবাইক, মোটরসাইকেল ও ঘোড়ার গাড়িতে করে সমাবেশস্থলে পৌঁছবেন বলে স্থানীয় নেতারা দাবি করছেন।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলা জানান, তাদের নেতাকর্মীরা চিড়া, মুড়ি, গুড় ও পানি নিয়ে সমাবেশস্থলে ছুটছেন। কোনো বাধাকেই তারা বাধা মনে করছেন না।

গণসমাবেশ প্রস্তুতি কমিটির প্রধান সমন্বয়ক ও কেন্দ্রীয় নেতা আসাদুল হাবিব দুলুর নির্বাচনী এলাকা লালমনিরহাট সদর। তাই নেতাকর্মীদের আশা, এ জেলা থেকে প্রায় ৫০ হাজার নেতাকর্মী রংপুরের গণসমাবেশে যোগ দেবেন।