১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

খালেদা জিয়ার জন্য জাবিতে শোক বই

“স্বৈরাচারবিরোধী আন্দোলনে জনসাধারণের কাছ থেকে ‘আপসহীন দেশনেত্রী’ উপাধি পাওয়া এই নেত্রীর মৃত্যু ইতিহাসের এক কিংবদন্তির প্রস্থান।”

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2026, 05:08 PM

Updated : 26 Aug 2026, 05:33 PM

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক বই খুলেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান শোক বইয়ে স্বাক্ষরের মাধ্যমে এটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করেন।

শোক বাণীতে উপাচার্য বলেন, “বাংলাদেশের সাবেক তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী ও বিএনপির

চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতি একজন গুরুত্বপূর্ণ অভিভাবক ও রাষ্ট্রনায়ককে হারালো।

“স্বৈরাচারবিরোধী আন্দোলনে জনসাধারণের কাছ থেকে ‘আপসহীন দেশনেত্রী’ উপাধি পাওয়া এই নেত্রীর মৃত্যু ইতিহাসের এক কিংবদন্তির প্রস্থান।”

তিনি বলেন, “এই শূন্যতা কোনো দিন পূরণ হওয়ার নয়। তিনি ছিলেন জাতীয় ঐক্যের প্রতীক। একজন সাধারণ গৃহবধূ থেকে সময়ের প্রয়োজনে কোটি কোটি মানুষের নেত্রীতে পরিণত হন।

“উদার ও গণতান্ত্রিক চেতনা লালন করে রাজনীতির পথচলায় দেশ, মাটি ও মানুষের অধিকার আদায়ে তিনি ছিলেন অবিচল।”

উপাচার্যের স্বাক্ষরের পর উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. আবদুর রব, সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মো. শামছুল আলম, জীববিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার, প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম, মহিলা ক্লাবের সভানেত্রী ও প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক কামরুন নেছা খন্দকারসহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা শোক বইয়ে স্বাক্ষর করেন।