১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মাদারীপুরে অবৈধ দখলমুক্ত ‘বরিশাল খাল’ খনন শুরু

দীর্ঘদিন ধরে অবৈধ দখলে থাকা খালটি জেলা প্রশাসন উদ্ধার করে।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2025, 10:29 PM

Updated : 26 Aug 2026, 01:16 PM

মাদারীপুর শহরের ওপর দিয়ে বরিশালের দিকে প্রবাহিত ‘বরিশাল খাল’ খননের উদ্যোগ নেওয়া হয়েছে।

শুক্রবার সকালে শহরের ইটেরপুল এলাকার থেকে মাদারীপুর জেলা প্রশাসন ও পৌর কর্তৃপক্ষ খালটি খননের কার্যক্রম শুরু করেছে।

এর আগে দীর্ঘদিন ধরে অবৈধ দখলে থাকা খালটি জেলা প্রশাসন উদ্ধার করে। উদ্ধার শেষে খালটি খননের উদ্যোগ নেওয়া হয়। 

পৌর কর্তৃপক্ষ ও জেলা প্রশাসন থেকে জানা যায়, মাদারীপুর শহরের ইটেরপুল থেকে পাথুরিয়ারপাড় পর্যন্ত ৮ কিলোমিটার জুড়ে বিস্তৃত ‘বরিশাল খাল’। দখল আর দূষণে খালটি অস্তিত্ব সংকটে পড়েছিল। দীর্ঘদিনেও সংস্কার না হওয়ায়, দখল আর দূষণে খালের পানি প্রবাহ বন্ধ হয়ে যায়। ময়লা-আবর্জানায় খালটি প্রায় বন্ধের উপক্রম হয়ে পড়ে। ফলে ছড়ায় দুর্গন্ধ। বেড়েছে মশা-মাছির উপদ্রব। ফলে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন স্থানীয়রা। এরপর থেকেই খালটি উদ্ধারে নেওয়া হয় উদ্যোগ। শুক্রবার সকালে ইটেরপুল এলাকার নিম্ন কুমার নদের পাড় থেকে শুরু হয় খনন কার্যক্রম।

পৌরসভার প্রশাসক মো. হাবিবুল আলম বলেন, “শহরের ঐতিহ্যবাহী খালগুলো দীর্ঘদিন ধরে বেদখল হয়ে যাওয়ায় পানি প্রবাহ বন্ধ হয়ে গিয়েছিল। এতে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা তৈরি হচ্ছিল। আমরা খালগুলো উদ্ধার করে পুনরায় খনন করে পানি প্রবাহ স্বাভাবিক করার চেষ্টা করছি।”

তিনি আরও বলেন, “পর্যায়ক্রমে শহরের সবকটি খাল উদ্ধারের জন্য অভিযান পরিচালনা করা হবে।”

মাদারীপুর পৌরসভার সচিব খন্দকার ফিরোজ আহমেদ ইলিয়াস বলেন, “খালগুলো থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে এবং জনগণকে খাল ও জলাশয় রক্ষায় সচেতন করা হচ্ছে।”

এ বিষয়ে মাদারীপুর উন্নয়ন সংগ্রাম পরিষদের সভাপতি মাসুদ পারভেজ বলেন, “খালটি খননের দাবি দীর্ঘদিনের। প্রশাসন ও পৌর কর্তৃপক্ষ উদ্ধার করে খনন করায় শত শত বিঘা জমির ফসল উৎপাদনে অনেক বড় ভূমিকা রাখবে খালটি। যা আমাদের কৃষি খাতের অর্থনীতি সচল করবে।”