Published : 01 Jun 2025, 04:31 PM
নরসিংদী রেলওয়ে স্টেশনে মহানগর প্রভাতী, মহানগর গোধূলী ও উপবন এক্সপ্রেস নামের আরও তিনটি আন্তনগর ট্রেন যাত্রাবিরতি করবে।
রোববার সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী এসব ট্রেনের যাত্রাবিরতির অনুষ্ঠানিক উদ্বোধন করেন।
মহানগর প্রভাতী ট্রেন নরসিংদী রেলস্টেশনে যাত্রাবিরতির জন্য পৌঁছালে ট্রেনটির পরিচালক ও লোকমাস্টারকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে উদ্বোধনী অনুষ্ঠান হয়। এ সময় ট্রেনের যাত্রীদেরও ফুলেল শুভেচ্ছা জানানোর পাশাপাশি মিষ্টি বিতরণ করে নরসিংদী রেলযাত্রী অধিকার ফোরাম।

অনুষ্ঠানে নরসিংদী রেলওয়ে স্টেশন মাস্টার মোহাম্মদ আব্দুল মান্নান, রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক জহিরুল ইসলাম, নরসিংদী রেলযাত্রী অধিকার ফোরামের সভাপতি মো. আমজাদ জুয়েলসহ অন্যরা উপস্থিত ছিলেন।
রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, নতুন যাত্রাবিরতি করা তিনটি ট্রেনসহ এই স্টেশনে যাত্রাবিরতি করা আন্তনগর ট্রেনের সংখ্যা মোট আটটিতে দাঁড়িয়েছে।
নরসিংদী রেলযাত্রী অধিকার ফোরামের সভাপতি মো. আমজাদ জুয়েল বলেন, “নরসিংদী রেল যাত্রী অধিকার ফোরামের আবেদনের পরিপ্রেক্ষিতে নরসিংদী স্টেশনে আন্তনগর মহানগর প্রভাতী, মহানগর গোধূলী ও উপবন এক্সপ্রেস ডাউন ট্রেনের যাত্রাবিরতির সিদ্ধান্ত গ্রহণ করে রেল মন্ত্রণালয়।
“নতুন করে তিনটি ট্রেনের যাত্রাবিরতিতে হাজারো ট্রেন যাত্রীর দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে।”

নরসিংদীর জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধূরী বলেন, “দেশের অন্যতম পাইকারি কাপড়ের বাজার শেখেরচর-বাবুরহাটসহ কৃষি ও শিল্পসমৃদ্ধ এবং শিক্ষাক্ষেত্রে এ জেলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
“চট্রগ্রাম ও সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলের সঙ্গে এ জেলার যোগাযোগের ক্ষেত্রে পর্যাপ্ত ট্রেনের যাত্রাবিরতি ছিল না। রেলপথ মন্ত্রণালয় বিষয়টি অনুধাবন করে যাত্রাবিরতির অনুমতি দেওয়ায় জেলাবাসী উপকার পাবেন।”