Published : 28 Jul 2025, 05:48 PM
শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় সরকারি শামসুর রহমান কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন।
সোমবার সকালে ঢাকার পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে সরকারি শামসুর রহমান কলেজের অধ্যক্ষ হারুন-অর-রশিদ জানিয়েছেন।
মৃত আবু তাহের (৪২) গোসাইরহাট উপজেলার নাগেরপাড়া ইউনিয়নের মলংচড়া এলাকার সফিজউদ্দিন সরদারের ছেলে।
স্থানীয় লোকজন ও মৃতের পরিবার জানায়, আবু তাহের ১৫ দিন আগে জ্বরে আক্রান্ত হয়। তখন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে পরীক্ষা-নিরীক্ষার পর তার ডেঙ্গু আক্রান্তের বিষয়টি নিশ্চিত হয় পরিবার।
পরে সেখানে দুদিন চিকিৎসা করালেও শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার ধানমন্ডি পপুলার হাসপাতালে ভর্তি করেন স্বজনরা। পরে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে মারা যান তিনি।
গোসাইরহাটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, কিছুদিন আগে হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষায় শামসুর রহমানের ডেঙ্গু আক্রান্ত হওয়ার বিষয়টি ধরা পরে। পরে তিনি ঢাকায় মারা গেছেন বলে শুনেছি।”
নিহতের স্ত্রীর বড় ভাই মোস্তাফিজুর রহমান বলেন, “আমরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে গিয়েছিলাম। দীর্ঘদিন চিকিৎসা শেষে আজ তিনি মারা যান।”
সরকারি শামসুর রহমান কলেজের অধ্যক্ষ হারুন-অর-রশিদ বলেন, “আবু তাহের একজন ভালো শিক্ষক ছিলেন। সব সময় আমাদের সঙ্গে এবং শিক্ষার্থীদের সঙ্গে হাসিমুখে কথা বলতেন। আমরা একজন কাছের সহকর্মীকে হারালাম।”