Published : 30 Mar 2026, 08:29 PM
ঢাকার সাভার উপজেলার একটি হাউজিং প্রকল্পের ভেতর ফাঁকা জমিতে এক যুবকের লাশ পাওয়া গেছে; যাতে গলাকেটে হত্যা করা হয়েছে বলে ভাষ্য পুলিশের।
সোমবার দুপুরে উপজেলার হেমায়েতপুরের কান্দারচর আনন্দনগর হাউজিং থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন ট্যানারি পুলিশ ফাড়ির এসআই মেহেদী হাসান।
নিহত মহিদুল ইসলাম (৩৪) ঝিনাইদহ সদর উপজেলার চরমুরারীদহ গ্রামের আব্দুল সাত্তার মণ্ডলের ছেলে। তিনি পেশায় মাইক্রোবাস চালক ছিলেন।
এসআই মেহেদী হাসান বলেন, দুপুরে আনন্দনগর হাউজিংয়ে স্বপনের ফাঁকা জমিতে এক যুবকের গলা কাটা লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়।
নিহতের পরনে নীল চেক শার্ট, কালো রংয়ের প্যান্ট, কালো জুতা ও কালো বেল্ট ছিল। পরে তার শরীর তল্লাশি করে জাতীয় পরিচয়পত্র থেকে পরিচয় শনাক্ত করা হয়। রাতে যেকোনো সময় তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় সাভার মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।