১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

বিভাগীয় কমিশনার গিয়ে দেখেন ভূমি কার্যালয় তালাবদ্ধ, কর্মকর্তা বরখাস্ত

এ ঘটনায় ঝালকাঠির রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়ন ভূমি অফিসের দুই কর্মচারীকে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়।

বিভাগীয় কমিশনার গিয়ে দেখেন ভূমি কার্যালয় তালাবদ্ধ, কর্মকর্তা বরখাস্ত
ঝালকাঠির রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে গিয়ে কার্যালয়টি তালাবদ্ধ পেয়েছেন বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 08 Sep 2026, 09:00 PM

Updated : 17 Sep 2026, 02:56 AM

ঝালকাঠির রাজাপুর উপজেলার এক ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে গিয়ে কার্যালয়টি তালাবদ্ধ পেয়েছেন বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহমেদ। নির্ধারিত সময়েও সেখানে কোনো কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন না।

পরে দায়িত্বে অবহেলার অভিযোগে শুক্তাগড় ইউনিয়ন ভূমি অফিসের ভূমি উপসহকারী কর্মকর্তা মো. কামাল হোসেন খানকে সাময়িক বরখাস্ত করা হয়। সেইসঙ্গে দুই কর্মচারীকে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়।

মঙ্গলবার সকাল ৯টার দিকে বরিশালের বিভাগীয় কমিশনার ওই ইউনিয়ন ভূমি অফিসে পরিদর্শনে গিয়ে কার্যালয়টি তালাবদ্ধ দেখতে পান বলে জানিয়েছেন ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. তৌহিদুল ইসলাম।

তিনি বলেন, “সকাল সাড়ে ৯টা পর্যন্ত অপেক্ষা করেও কোনো কর্মকর্তা-কর্মচারীর দেখা মেলেনি। পরে স্থানীয় দপ্তরি এসে কার্যালয়ের তালা খোলেন।”

পরিদর্শনের সময় বিভাগীয় কমিশনার স্থানীয় কয়েকজন ব্যক্তি ও পাশের একটি মুদি দোকানের কর্মচারীর সঙ্গে কথা বলেন। তাদের কাছ থেকে তিনি জানতে পারেন, সকাল ১০টা থেকে সাড়ে ১০টার আগে ওই ভূমি অফিসে কর্মকর্তা-কর্মচারীরা আসেন না।

ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা কামাল হোসেন বলেন, “আজকে একটু দেরিতে আসছিলাম। কিন্তু বিভাগীয় কমিশনার স্যার ৯টার মধ্যে অফিসে এসে বন্ধ পেয়েছেন।” 

অতিরিক্ত জেলা প্রশাসক তৌহিদুল ইসলাম বলেন, ইউনিয়ন ভূমি কর্মকর্তাকে সাময়িক বরখাস্তের জন্য জেলা প্রশাসকের কাছে সুপারিশসহ চিঠি পাঠানো হয়। মঙ্গলবার বিকালেই তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

বরিশাল বিভাগীয় কমিশনার মো. খলিল আহমেদ বলেন, কাউকে না জানিয়ে সরকারি অফিসের কার্যক্রম দেখতে সকাল ৯টায় শুক্তাগড় ইউনিয়ন ভূমি অফিসে যান তিনি। সেখানে কর্মকর্তা-কর্মচারীদের কাউকে পাওয়া যায়নি এবং অফিসটি তালাবদ্ধ ছিল।

তিনি বলেন, “নির্ধারিত সময়ে কর্মস্থলে উপস্থিত না থাকা এবং সরকারি কার্যালয় তালাবদ্ধ রাখার বিষয়টি দায়িত্ব পালনে চরম অবহেলার বহিঃপ্রকাশ। এ কারণে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়।”