১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

অলির কথায় জিয়ার অবদান প্রশ্নবিদ্ধ হওয়ার সুযোগ নেই: রেদোয়ান

“কর্নেল অলির অবদানকে আমি ছোট করব না, তবে তিনি যেই কথা আজকে এসে জামায়াত নেতার মাধ্যমে সারা জাতিকে জানাতে এসেছেন এটি অত্যন্ত আশ্চর্যজনক।

অলির কথায় জিয়ার অবদান প্রশ্নবিদ্ধ হওয়ার সুযোগ নেই: রেদোয়ান
কুমিল্লার চান্দিনা উপজেলার খোববাড়িয়া এলাকায় নির্বাচনি সমাবেশে বক্তব্য দেন বিএনপির প্রার্থী রেদোয়ান আহমেদ।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2026, 08:04 PM

Updated : 26 Aug 2026, 02:52 PM

সম্প্রতি এলডিপি চেয়ারম্যান কর্নেল অলি আহমেদকে নিয়ে জামায়াত আমিরের মন্তব্য জিয়াউর রহমানের অবদাকে প্রশ্নবিদ্ধ করার কোনও সুযোগ দেখছেন না কুমিল্লা-৭ আসনে বিএনপির প্রার্থী রেদোয়ান আহমেদ।

মুক্তিযুদ্ধে সেনাবাহিনীর প্রথম বিদ্রোহ প্রসঙ্গে এলডিপির সাবেক মহাসচিব বলেছেন, “কর্নেল অলির অবদানকে আমি ছোট করব না, তবে তিনি যেই কথা আজকে এসে জামায়াত নেতার মাধ্যমে সারা জাতিকে জানাতে এসেছেন এটি অত্যন্ত আশ্চর্যজনক। 

“এটি একটি ভ্রান্ত সংবাদ। এসব তো জিয়াউর রহমান জীবিত থাকতে তিনি বলেন নাই! এবং এর আগেও আমরা এ ধরনের উক্তি কারো কাছে শুনি নাই। তবে কর্নেল অলির কথায় জিয়াউর রহমানের অবদান প্রশ্নবিদ্ধ করার কোনো সুযোগ নেই।”

মঙ্গলবার চান্দিনা উপজেলার খোববাড়িয়া এলাকায় নির্বাচনি সমাবেশে বক্তব্য শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। 

রেদোয়ান আহমেদ বলেন, “সারা পৃথিবী জানে ‘স্বাধীনতার ঘোষক’ হলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই ‘আই রিভোল্ট’ বলে বিদ্রোহ করেছিলেন। কর্নেল অলি তখন একজন ক্যাপ্টেন ছিলেন। সেখানে মেজর শওকত এবং খালেকুজ্জামানও ছিলেন। 

“কর্নেল অলির অনেক সিনিয়র অফিসাররা ছিলেন একই ইউনিটে। সমস্ত কিছুর কৃতিত্ব এখন মৃত্যুর পরে নিতে চাইলে সেটি তো ঠিক হবে না। আমিও জেড ফোর্সে ছিলাম- কর্নেল অলি আমার কোম্পানি কমান্ডার ছিল, আমি স্টুডেন্ট প্লাটুনের কমান্ডার ছিলাম তার অধীনে।”

এর আগে নির্বাচনি সভায় ভোটারদের কাছে ধানের শীষ প্রতীকে ভোট চান রেদোয়ান আহমেদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে তাকে ভোট দেয়ার অনুরোধ জানান।

কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরুল আলম চৌধুরী নোমানের সভাপতিত্বে সভায় কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সদস্যসচিব ফরিদ উদ্দিন শিবলু বক্তব্য দেন।