Published : 05 Dec 2025, 06:40 PM
আন্দোলনের মধ্যে ময়মনসিংহের ফুলপুর উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বরিশালে বদলি করা হয়েছে।
উপজেলার চাঁনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেমকে বৃহস্পতিবার বরিশাল সদরের চরবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি করা হয়।
আবুল কাশেম প্রাথমিক শিক্ষকদের দাবি বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক।
শুক্রবার সকালে ফেইসবুক লাইভে এসে আবুল কাশেম বলেন, “আমার মত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের তিন দফা দাবি আদায়ের নেতৃত্ব দেওয়া শতাধিক শিক্ষককে বদলি করা হয়েছে পাশের জেলা ও বিভাগে। আরও অনেককে বদলি করা হতে পারে।
“এ নিয়ে কেউ বিচলিত হবেন না। প্রয়োজনে আইনি লড়াইয়ে যাব। তবে আন্দোলন থেকে সরে আসব না। আপনাদের পাশে রয়েছি। আমাকে সাড়ে ৩০০ মাইল দূরে বদলি করা হয়েছে। এতে আমি বিচলিত নই।”
তিনি বলেন, “নেতা হিসেবে বড় ঝড় তো আসবেই। আমি তা মোকাবেলা করতে প্রস্তুত রয়েছি।
অনতিবিলম্বে আরও কঠোর কর্মসূচির ঘোষণা আসবে। সেজন্য যদি জেলেও যেতে হয় প্রস্তুত রয়েছি।”
শিক্ষক নেতা বলেন, “ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আমরা আন্দোলন করছি। শিক্ষার্থীদের জিম্মি করে আমাদের আন্দোলন নয়। কেউ আমাদের ভুল বুঝবেন না। কৌশলগত কারণে ঢাকা থেকে আন্দোলন বিদ্যালয় পর্যায়ে আনা হয়। কেউ যেন এটাকে ভিন্ন খাতে নিতে না পারে।
“কর্মসূচির মধ্যে কোমলমতি শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়া হবে। তারপর কঠোর কর্মসূচি নেওয়া হবে। দাবি আদায় করেই ঘরে ফিরব।”
শিক্ষকদের বদলির তীব্র নিন্দা জানিয়ে তা প্রত্যাহারে অন্তবর্তী সরকারের হস্তক্ষেপ কামনা করেন আবুল কাশেম।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (পলিসি ও অপারেশন) মাহফুজা খাতুন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে চাঁনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেমকে বরিশাল সদরের চরবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি করা হয়।