১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

ফরিদপুরে ভারতীয় ভিসা সেন্টারের দাবি

“বর্তমানে একটা ভিসা করতে গেলে কমপক্ষে তিন থেকে পাঁচ দিন সময় লেগে যায়।”

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2024, 12:40 PM

Updated : 26 Aug 2026, 09:41 AM

ভারতীয় ভিসা কেন্দ্র স্থাপনের দাবিতে মানববন্ধন হয়েছে ফরিদপুরে।

‘ফরিদপুর উন্নয়ন পরিষদের’ আয়োজনে শুক্রবার সকাল সাড়ে ৯টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বৃহত্তর ফরিদপুরের পাঁচ জেলার নেতারা অংশ নেন।

স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ জলিল অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।

এম এ জলিল তার বক্তব্যে বলেন, “বিভিন্ন কারণে ফরিদপুরে ভারতীয় ‌ভিসা কেন্দ্র জরুরি প্রয়োজন হয়ে পড়েছে। এতে শুধু ফরিদপুর নয়, আশেপাশের জেলার মানুষের সুবিধা হবে। তাদের সময় ও অর্থ দুটোই সেভ হবে।

“বর্তমানে একটা ভিসা করতে গেলে কমপক্ষে তিন থেকে পাঁচ দিন সময় লেগে যায়। এতে জনগণের দুর্ভোগ বাড়ে এবং ‌আর্থিক সমস্যাসহ সময় অপচয় হয়।”

ফরিদপুরের বিশিষ্ট সাহিত্যিক ও লেখক মফিজ ইমাম মিলন, সংস্কৃতি কর্মী অশোক কুমার সিংহ রায়, অধ্যক্ষ মোসায়েব হোসেন ঢালী, সরকারি ইয়াসিন কলেজের সাবেক অধ্যক্ষ শিলা রানী মণ্ডল, ফরিদপুর নাগরিক মঞ্চের আহ্বায়ক আওলাদ হোসেন বাবর ও আবরাব নাদিম অনুষ্ঠানে বক্তব্য রাখেন।   

লেখক মফিজ ইমাম মিলন বলেন, “নাগরিক দুর্ভোগ অবসানে অবিলম্বে ফরিদপুরে ‌একটি ভারতীয় ভিসা সেন্টার স্থাপনের দাবি জানাই। অন্যথায় দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।”