Published : 06 Mar 2026, 01:23 PM
বরিশালের গৌরনদী উপজেলায় বাসের সঙ্গে সংঘর্ষে মাইক্রোবাসের চালকসহ দুজনের প্রাণ গেছে। আরহত হয়েছেন আরও অন্তত তিন জন।
শুক্রবার বেলা পৌনে ১০টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের কসবা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে গৌরনদী মহাসড়ক থানার ওসি শামীম শেখ জানিয়েছেন।
নিহতরা হলেন- মাইক্রোবাসের চালক বরিশালের বাবুগঞ্জ উপজেলার কোলচর এলাকার বাসিন্দা আজাহার মাঝির ছেলে মো. ওয়াহেদুল ইসলাম রিপন (৪০) ও ঢাকার এলিফ্যান্ট রোডের বাসিন্দা আ. ওয়াহিদের ছেলে মো. ইলিয়াস হোসেন (৫৭)।
আহতরা হলেন- ঢাকার খিলক্ষেত এলাকার মো. মনিরুজ্জামান (৪০), মুরাদপুরের নুরুজ্জামান (৪২) ও বাগেরহাটের মোংলা এলাকার আব্দুল ওয়েজ (৩০)।
গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মিজানুর রহমান বলেন, টেকের হাট পরিবহনের একটি বাস খুলনায় যাচ্ছিলো। পথে বরিশালগামী মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ হয়। খবর পেয়ে তাদের দুটি ইউনিট গিয়ে উদ্ধার কাজ শুরু করে।
তিনি বলেন, “ঘটনাস্থল থেকে মাইক্রোবাসের পাঁচ যাত্রীকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। আর নিহত একজনের লাশ হস্তান্তর করা হয়েছে পুলিশে কাছে।”
এদিকে দুর্ঘটনার পর ঢাকা-বরিশাল মহাসড়কে যানচলাচল কিছু সময়ের জন্য বন্ধ থাকলেও বর্তমানে স্বাভাবিক হয়েছে।
ওসি শামীম শেখ বলেন, “আহতদের মধ্যে আরো একজনকে হাসপাতালে মৃত ঘোষণা করেছেন চিকিৎসক। বাকিরা চিকিৎসাধীন রয়েছেন।
“বাস ও মাইক্রোবাস দুটি জব্দ করা হয়েছে। তবে বাসের চালক পালিয়ে গেছে।”
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।