টাঙ্গাইলে ধানক্ষেতের পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
ধলেশ্বরী নদীর পাশ থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় ধানক্ষেতের পাশ থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার দুপুরে লাউহাটী ইউনিয়নের সল্পলাড়ু গ্রামের ধলেশ্বরী নদীর পাশ থেকে লাশটি উদ্ধার করা হয় বলে দেলদুয়ার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আজহারুল ইসলাম জানিয়েছেন।
নিহতের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।
স্থানীয়দের বরাতে পুলিশ বলছে, সকালে ধানের জমিতে কাজ করতে গিয়ে এলাকার লোকজন রক্তাক্ত অবস্থায় এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি দেলদুয়ার থানায় জানানো হলে পুলিশ গিয়ে তা উদ্ধার করে।
পরিদর্শক আজহারুল ইসলাম বলেন, “নিহত নারীর পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
