Published : 22 Apr 2026, 06:08 PM
ইসলামী ছাত্রশিবিরের রাজনীতিকে ‘গুপ্ত’ আখ্যা দিয়ে তা নিষিদ্ধের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দেয়াল লিখন কর্মসূচি পালন করেছে শাখা ছাত্রদল।
বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি সংলগ্ন দেয়ালে লাল রঙে ‘গুপ্ত রাজনীতি নিষিদ্ধ চাই’ স্লোগান লিখে কর্মসূচি শুরু করেন সংগঠনটির নেতাকর্মীরা। পরে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে একই ধরনের দেয়াল লিখন করেন তারা।

কর্মসূচিতে শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, “একাত্তরের রাজাকার বাহিনীর উত্তরসূরিরা এখন নিজেদের ইসলামিক সংগঠন হিসেবে পরিচয় দিচ্ছে। তারা গুপ্ত রাজনীতির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে।
“আমরা দেয়াল লিখনের মাধ্যমে সেই রাজনীতি পরিহার করে সুষ্ঠু ধারায় রাজনীতির আহ্বান জানাচ্ছি।”

তিনি বলেন, “রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরকে কোনো ধরনের গুপ্ত রাজনীতি করার সুযোগ দেওয়া হবে না। তারা যদি এমন কার্যক্রম চালায়, তা সাংগঠনিক ও আইনগতভাবে প্রতিরোধ করা হবে।”
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সর্দার জহুরুল বলেন, “জামায়াত-শিবিরের গুপ্ত রাজনীতি নিষিদ্ধের দাবিতে আমরা এই কর্মসূচি নিয়েছি। গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে কোনো গুপ্ত রাজনীতি চলতে দেওয়া হবে না।
“তারা যদি বিরত না থাকে, সরকারের কাছে বিশেষ ব্যবস্থা নেওয়ার দাবি জানাবো। আমরা চাই, তারা সুষ্ঠু ও বাংলাদেশপন্থি ধারায় রাজনীতি করুক।”