গোমস্তাপুর সীমান্ত দিয়ে ৬ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের
বিজিবি বলছে, ভারতের ১২ বিএসএফ ব্যাটালিয়নের শমসেরনগর ক্যাম্পের সদস্যরা তাদের বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রামদাসপুর সীমান্ত দিয়ে ছয়জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
তবে বিজিবির তৎপরতায় তারা বাংলাদেশে প্রবেশ করতে পারেননি।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে রামদাসপুর বিওপি এলাকার সীমান্ত পিলার ২১৬/এমপি দিয়ে তাদের পুশইনের চেষ্টা করা হয়।
নওগাঁ ব্যাটালিয়ন ১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজিবির ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতের ১২ বিএসএফ ব্যাটালিয়নের শমসেরনগর ক্যাম্পের সদস্যরা তাদের বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে।
বিষয়টি জানতে পেরে রামদাসপুর বিওপির টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।
এ সময় ওই ছয়জনকে ভারতীয় সীমান্তের শূন্য রেখার অভ্যন্তরে অবস্থান করতে দেখা যায়। বিজিবি সদস্যরা তাদের বাংলাদেশে প্রবেশে বাধা দেন। পরে তাদের ভারতীয় ভূখণ্ডে ফেরত পাঠানোর কার্যক্রম শুরু হয়।
সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির টহল ও নজরদারি অব্যাহত রয়েছে বলে লেফটেন্যান্ট কর্নেল আরিফুল মাসুদ স্বাক্ষরিত ওই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
