১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মানিকগঞ্জে পুলিশ পরিচয়ে তল্লাশির অভিযোগে ‘সোর্স’ আটক

এ ঘটনায় হরিরামপুর থানার এক এএসআইকে সাময়িকভাবে প্রত্যাহার করা হয়েছে।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2026, 12:19 PM

Updated : 11 Sep 2026, 03:52 PM

মানিকগঞ্জের হরিরামপুরে পুলিশ পরিচয় দিয়ে কয়েকজনকে তল্লাশি-হয়রানির অভিযোগে এক ‘সোর্সকে’ আটক করে পুলিশে দিয়েছে জনতা। এ ঘটনায় এক এএসআইকে সাময়িকভাবে প্রত্যাহার করা হয়েছে। 

মঙ্গলবার দুপুর ৩টার দিকে উপজেলার বলড়া ইউনিয়নের বলড়া মোড়ে এ ঘটনা ঘটে বলে জানান হরিরামপুর থানা ওসি মুহাম্মদ আফজাল হোসেন। 

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে কয়েকজন ব্যক্তি নিজেদের পুলিশ পরিচয় দিয়ে বলড়া ইউনিয়নের পিপুলিয়া ব্রিজ এলাকায় কয়েকজন কিশোর ও যুবকের শরীর তল্লাশি করেন। তাদের কাছে কোনো কিছু না পেয়ে তারা উপজেলার হারুকান্দি ইউনিয়নের দক্ষিণ চাঁদপুরের দিকে চলে যায়।

বিষয়টি সন্দেহজনক মনে হলে স্থানীয়রা তাদের পিছু নিয়ে দক্ষিণ চাঁদপুর এলাকা থেকে আলমগীর হোসেনকে আটক করে বলড়া ইউনিয়নের বলড়া মোড়ে নিয়ে আসেন তারা।

খবর পেয়ে হরিরামপুর থানায় কিলো ডিউটিতে থাকা এসআই মোহাম্মদ মাসুদ মুন্সী ঘটনাস্থলে গিয়ে আলমগীর হোসেনকে হেফাজতে নিয়ে থানায় নিয়ে আসেন।

স্থানীয়দের জিজ্ঞাসাবাদে আলমগীর নিজেকে হরিরামপুর থানার এএসআই মো. সোহেল রানার সোর্স হিসেবে পরিচয় দেন এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। 

ওসি মুহাম্মদ আফজাল হোসেন বলেন, আলমগীরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে, এ ঘটনার পর হরিরামপুর থানার এএসআই মো. সোহেল রানাকে সাময়িকভাবে প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আব্দুল্লাহ আল মাছুম।