১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ফেনীতে বিকল কভার্ড ভ্যানে ধাক্কা বাসের, নিহত ৩

উদ্ধারকারী লরির সঙ্গে বাধার সময় বিকল কভার্ড ভ্যানটিকে পেছন থেকে ধাক্কা দেয় ইউনিক পরিবহনের বাস।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 04 Sep 2026, 11:26 AM

Updated : 17 Sep 2026, 02:54 AM

ফেনীতে মহাসড়কে বিকল হওয়া কভার্ড ভ্যানের পেছনে দ্রুতগতির বাসের ধাক্কায় দুই গাড়ির চালকসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন।   

শুক্রবার সকাল ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছাগলনাইয়া উপজেলার পুরাতন মুহুরিগঞ্জ দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন ফেনীর ফাজিলপুর হাইওয়ে থানার এসআই আবু নোমান। 

হাইওয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম, পরিচয় জানাতে পারেনি।

হাইওয়ে পুলিশ জানায়, দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে শুক্রবার সকালে একটি কভার্ড ভ্যান বিকল হয়ে যায়। মহাসড়কে দাঁড়িয়ে থাকা কভার্ড ভ্যানটি সরাতে চট্টগ্রাম থেকে একটি উদ্ধারকারী লরিকে খবর দেয়া হয়। 

পরে লরিটি এসে পৌঁছালে কভার্ড ভ্যানটিকে তার সঙ্গে বাধার কাজ চলছিল। এ  সময় ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী ইউনিক পরিবহনের একটি বাস সজোরে কভার্ড ভ্যানের পেছনে ধাক্কা দেয়। এতে ইউনিক বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনায় কভার্ড ভ্যানের সামনে থাকা গাড়ির চালক ও সহকারী এবং বাসের চালক ও সহকারী গুরুতর আহত হন। 

খবর পেয়ে হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে গুরুতর আহতদের উদ্ধার করে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যায়। সেখানে কভার্ড ভ্যান চালক ও সহকারী এবং বাস চালককে মৃত ঘোষণা করেন চিকিৎসক। 

বাস চালকের সহকারি গুরুতর আহত অবস্থায় ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

এসআই আবু নোমান আরও বলেন, ময়নাতদন্তের জন্য নিহতদের মরদেহ ফেনী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা চলমান রয়েছে। 

হাইওয়ে পুলিশ দুর্ঘটনা কবলিত কভার্ড ভ্যান, উদ্ধারকারী লরি ও বাস উদ্ধার করে হেফাজতে নিয়েছে বলেও জানান এই কর্মকর্তা।