১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কুষ্টিয়ায় নির্বাচন কার্যালয়ে আগুন, পুড়েছে নথিপত্র

“স্টোর রুমের পেছনের খোলা জানালা দিয়ে কেউ আগুন লাগিয়ে দিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2025, 01:36 PM

Updated : 26 Aug 2026, 05:21 PM

কুষ্টিয়া সদর উপজেলা নির্বাচন কার্যালয়ের স্টোর রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গেছে বলে দাবি কর্তৃপক্ষের।

শনিবার ভোররাত থেকে সকাল ৯টার মধ্যে এ ঘটনা ঘটে বলে জানান কুষ্টিয়া জেলা পুলিশ সুপার মো. জসিম উদ্দিন। 

কুষ্টিয়া জেলার জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, “ছুটির দিন থাকায় অফিসের কর্মকর্তা-কর্মচারীরা বিষয়টি তাৎক্ষণিকভাবে জানতে পারেননি। পরে ধোঁয়া দেখে স্থানীয়দের নজরে এলে নির্বাচন অফিসের নৈশ প্রহরী ও স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে নেওয়া হয়।”

কুষ্টিয়া সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু দাউদ বলেন, “ভোররাত থেকে সকাল ৯টার মধ্যে কোনো এক সময় অগ্নিসংযোগ করা হয়। আগুনে কিছু নথিপত্র ক্ষতিগ্রস্ত হলেও বড় ধরনের কোনও ক্ষয়ক্ষতি হয়নি। 

“স্টোর রুমের পেছনের খোলা জানালা দিয়ে কেউ আগুন লাগিয়ে দিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”

খবর পেয়ে কুষ্টিয়ার জেলা প্রশাসক ইকবাল হোসেন, পুলিশ সুপার জসিম উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোকনুজ জামানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

পুলিশ সুপার জসিম উদ্দিন বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত শুরু করা হয়েছে। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।