Published : 31 Mar 2026, 03:10 PM
যশোরের বেনাপোলে একটি কুরিয়ার সার্ভিসের গাড়ি তল্লাশি করে ২৯ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ করেছে ট্রাস্কফোর্স। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি।
সোমবার রাত ১০টার দিকে আমড়াখালী বিজিবি তল্লাশি কেন্দ্র থেকে এসব জব্দ করা হয় বলে জানিয়েছেন যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল কোম্পানি কমান্ডার সুবেদার আজিজুর রহমান।
তিনি বলেন, গোপন খবর পেয়ে রাতে বেনাপোল থেকে ছেড়ে আসা এস এ পরিহনের একটি কভার্ড ভ্যান থামায় ট্রাস্কফোর্স। পরে কভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে বিপুল ভারতীয় অবৈধ মালামাল পাওয়া যায়।
জব্দ করা মালামালের মধ্যে রয়েছে- বিভিন্ন প্রকারের চকলেট, ফেসওয়াশ, সিসা তেল, পন্ডস সুপার লাইট জেল, ফিয়ামা সাওয়ার জেল, গ্লো অ্যান্ড লাভলি ক্রিম, ইউলোসিটি প্রফেশনাল কোল্ড ওয়েব কন্ডিশনার, হারবাল লাইফ নিউরোশন প্রোটিন পাউডার এবং দুলহান তেল; যার বাজার মূল্য প্রায় ২৯ লাখ টাকা।
এ সময় শার্শা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম নিয়াজ মাখদুম এবং শার্শা থানার এসআই পায়েল কুন্ডোর উপস্থিত ছিলেন।
নিয়াজ মাখদুম বলেন, জব্দ করা মালামালের বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেনি কুরিয়ার সার্ভিস কর্তৃপক্ষ। জব্দ করা মালামাল বেনাপোল কাস্টমসের আটক শাখায় জমা করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা করা হয়েছে।