সিরাজগঞ্জে চালককে হত্যা করে ভ্যান ছিনতাই
রেজাউল শুক্রবার রাতে ভ্যান নিয়ে কাজে বেরিয়ে আর বাড়ি ফেরেননি।
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় চালককে হত্যা করে তার ব্যাটারিচালিত ভ্যান ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
শনিবার সকালে উপজেলার বাসুদেবকোল এলাকা থেকে হাত-পা বাঁধা চালকের মরদেহ উদ্ধার করা হয় বলে সলঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) তাজ উদ্দিন আহম্মেদ জানান।
নিহত রেজাউল করিম (৪৫) সলঙ্গা থানার দত্তকুশা গ্রামের রমজান আলীর ছেলে।
পরিবারের বরাতে পরিদর্শক তাজ উদ্দিন বলেন, রেজাউল শুক্রবার রাতে ভ্যান নিয়ে কাজে বেরিয়ে আর বাড়ি ফেরেননি। সকালে রাস্তার পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
“প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চালককে হত্যা করে ভ্যানটি ছিনতাই করা হয়েছে।”
